২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আবার হাতির আক্রমণে মা-ছেলে নিহত

নাইক্ষ্যংছড়ি উপজেলায় আবারও হাতির আক্রমণে মা ও শিশুপুত্র মারা গেছে। সোমবার রাতে উপজেলার দোছড়ির গ্রামের তুলাতলীতে হাতির আক্রমণে তারা মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বান্দরবান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইক্ষ্যংছড়ি উপজেলায় আবারও হাতির আক্রমণে মা ও শিশুপুত্র মারা গেছে। সোমবার রাতে উপজেলার দোছড়ির গ্রামের তুলাতলীতে হাতির আক্রমণে তারা মারা যায়। গত সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে একজন, লামার হারগাজায় একজন এবং জুলাই মাসে লামায় একই পরিবারে চারজন হাতির আক্রমণে নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও ১৫ জন। সোমবার রাতে নিহতরা হলেন- তুলাতলীর আনু মিয়ার স্ত্রী জমিলা খাতুন (৩০) ও তার ছেলে আমিনুল ইসলাম (৮)। এ ছাড়া আনু মিয়া, ফরিদসহ আরও পাঁচজনের বসত ঘর গুঁড়িয়ে দিয়েছে হাতি। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার জানান, বন্য হাতির দল ওই পাড়ার আনু মিয়ার বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন ঘুমে থাকায় আত্মরক্ষার সুযোগ পায়নি। খবর পেয়ে বাংলাদেশ রাইফেলস- বিডিআরের নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার আবু নাঈম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবাব আসলাম হাবিব মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জোন কমান্ডার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ চার হাজার টাকা দেন। জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ সাংবাদিকদের জানান, হাতির আক্রমণের রোধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে কমিটি করা হয়েছে। প্রতিটি উপজেলায় হাতির অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে যাতে এরা লোকালয়ে না আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.