বরিশাল, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ। টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পান ৪৬৭৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা) পেয়েছেন ৪৬২০৮ ভোট।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৫৮৮ ভোটে সান্টুকে পরাজিত করেন হিরণ। চূড়ান্ত ফল প্রত্যাখ্যান করেছেন পিডিপি নেতা শরফুদ্দিন আহম্মেদ সান্টু।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপ বিভাগীয় নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম।
এ সময়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হিরণ সাংবাদিকদের বলেন, "কিছু কেন্দ্রের ভোটগণনা বাকি থাকতেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করায় ফলাফল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ কারণে তখন আমি ভোটের সম্ভাব্য ফল প্রত্যাখ্যান করেছিলাম। তবে শেষপর্যন্ত সুষ্ঠু ফলফলে কোনো সমস্যা হয়নি।"
রাত পৌনে ২টার দিকে ভোট গণনা চলার শেষ পর্যায়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে হিরণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ভোট জালিয়াতির মাধ্যমে তার নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে ফলাফল ঘোষণার আগেই তিনি তা প্রত্যাখ্যান করছেন।
হিরণ বলেন, "ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার আমাকে হারিয়ে দিচ্ছে। এ কারণে আগেই আমি ফলাফল প্রত্যাখ্যান করছি।"
ওই সময় পর্যন্ত ৯১টি কেন্দ্রের মধ্যে ৮১টির বেসরকারি ফলাফলে এগিয়ে থাকা হিরণ (প্রতীক টেলিভিশন) পান ৪০৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা) পান ৪০৩৪০ ভোট। ব্যবধান ছিল ৩৯৪ ভোট।
এর কিছু পরে ঘোষিত ৮৪টি কেন্দ্রের ফলাফলে হিরণ পান ৪২২৪৮ ভোট, সান্টু পান ৪২১০৫ ভোট। দুজনের ব্যবধান হয় ১৪৩ ভোটের।
হিরণ বলেন, "একটি গোয়েন্দা সংস্থার লোকজন অনেক আগে থেকেই আমার ওপর বিরক্ত ছিল। আজ সন্ধ্যার দিকে সাত থেকে আটটি কেন্দ্রের লোকজন বের করে দিয়ে ভোট জালিয়াতি করা হয়। বিষয়টি আমি নির্বাচন কমিশন সচিব ও কমিশনার সাখাওয়াত হোসেনকে জানিয়েছি।"
নিজের জোরালো সমর্থনপূষ্ট এলাকা ৩২ নম্বর ওয়ার্ডে ভোট জালিয়াতির অভিযোগ আনেন তিনি।
রাত সোয়া ২টার দিকে হিরণের পক্ষে তার নির্বাচনী এজেন্ট তালুকদার মোহাম্মদ ইউনুস রিটানিং অফিসারের কাছে ফলাফল জালিয়াতির লিখিত অভিযোগ দেন।
সন্ধ্যা ৬ টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, আনুমানিক ৮২ শতাংশ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে।
বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বরিশালে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/০৫৪৫ ঘ.
bdnews24