বরিশাল, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ বলেছেন, "আমার নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।"
সোমবার রাত পৌনে ২টার দিকে ভোট গণনা চলার শেষ দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, "ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার আমাকে হারিয়ে দিচ্ছে। এ কারণে আগেই আমি ফলাফল প্রত্যাখ্যান করছি।"
ওই সময় পর্যন্ত ৯১টি কেন্দ্রের মধ্যে ৮১টির বেসরকারি ফলাফলে এগিয়ে থাকা হিরণ (প্রতীক টেলিভিশন) পান ৪০৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিডিপি নেতা এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু (ছাতা) পান ৪০৩৪০ ভোট।
এর কিছু পরে ঘোষিত ৮৪টি কেন্দ্রের ফলাফলে হিরণ পান ৪২২৪৮ ভোট, সান্টু পান ৪২১০৫ ভোট। দুজনের ব্যাবধান হয় ১৪৩ ভোটের।
আগে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলে হিরণ ৯৩০ ভোটে এগিয়ে ছিলেন। পরবর্তী ১০টি ফলাফলে ব্যবধান কমে হয় ৩৫৪।
হিরণ বলেন, "একটি গোয়েন্দা সংস্থার লোকজন অনেক আগে থেকেই আমার ওপর বিরক্ত ছিল। আজ সন্ধ্যার দিকে সাত থেকে আটটি কেন্দ্রের লোকজন বের করে দিয়ে ভোট জালিয়াতি করা হয়। বিষয়টি আমি নির্বাচন কমিশন সচিব ও কমিশনার সাখাওয়াত হোসেনকে জানিয়েছি।"
নিজের জোরালো সমর্থনপূষ্ট এলাকা ৩২ নম্বর ওয়ার্ডে ভোট জালিয়াতির অভিযোগ আনেন তিনি।
সন্ধ্যা ৬ টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, আনুমানিক ৮২ শতাংশ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে।
বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে বরিশালে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/০১১৫৬ ঘ.
bdnews24