ঢাকা, আগস্ট, ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মেডিক্যাল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই রিপোর্ট আদালতে দাখিল করতে সরকার ও দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তারেকের বিরুদ্ধে দায়ের করা বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলার বিচার কার্যক্রম ওইদিন পর্যন্ত না চালানোর জন্যও আদালত মৌখিক নির্দেশ দিয়েছেন।
দুদকের কৌসুলী আনিসুল হক এই আদেশের পর সাংবাদিকদের বলেন, তারেকের মেডিক্যাল রিপোর্ট চেয়ে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির কার্যক্রম যাতে না চলে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে। ওইদিন তারেকের আবেদনটির ওপর আবার শুনানি হবে।
তারেকের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক শুনানিতে বলেন, "তারেক গুরুতর অস্স্থু। তার কারাগারের বাইরে চিকিৎসা প্রয়োজন। তাই জামিন প্রয়োজন।"
দুদকের পক্ষে আনিসুল হক জামিনের বিরোধিতা করে বলেন, "কারা কর্তৃপক্ষ তারেকের চিকিৎসার ব্যবস্থা করছে।"
গত ২৫ মে তারেক রহমান মামলা খারিজ ও জামিনের জন্য এ আবেদনটি দায়ের করেন।
গত ৬ মে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় লুৎফুজ্জামান বাবর, শাহ ্আলমসহ ৬ জনের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষের এ মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ সহকারি পরিচালক মোঃ আবুল কাশেম।
২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনায় গুলশান থানায় তিনদিন পর হত্যা মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৫ঘ.
bdnews24