মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা আগামীতে সব ধরনের নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সোমবার স্থানীয় পর্যায়ে ১৩টি এলাকায় নির্বাচন শেষে অভিজ্ঞতা মূল্যায়নে বসবে ইসি। এর আলোকে জাতীয় ও উপজেলা নির্বাচনে পরিবেশ তৈরির কর্মপরিকল্পনা ঠিক করা হবে।
পরবর্তী নির্বাচনগুলো বড় পরিসরে হলেও এবারের চেয়ে প্রশাসনিক ব্যবস্থাপনা আরো উন্নত হবে বলে দাবি করেন সাখাওয়াত হোসেন।
সোমবারের নির্বাচন স্বচ্ছ ও সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচনের ফল নিয়েও কোনো শঙ্কা ও প্রশ্ন তোলার সুযোগ থাকবে না বলে আমরা আশা করছি।"
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাখাওয়াত হোসেন বলেন, "এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোটার তালিকায় ছবি ব্যবহার হচ্ছে। এটি নতুন অভিজ্ঞতা। আমরা এ নির্বাচনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা ও আইন প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো সনাক্ত করে আগামীতে উত্তরণের ব্যবস্থা নিতে পারব।"
সোমবারের নির্বাচনী প্রস্তুতি সর্ম্পকে তিনি জানান, নির্বাচনী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, ব্যালট পেপার-ব্যালট বাক্স কেন্দ্রে পৌঁছানোসহ সার্বিক কাজ শেষ হয়েছে। রোববার রাত থেকে ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনী এলাকায় সুনির্দিষ্ট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
তিনি বলেন, "নির্বাচনী এলাকায় ২০ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য পৌঁছে গেছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিডিআর, আমর্ড পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এবং যৌথবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
নির্বাচনের ফল ঘোষণা সর্ম্পকে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত বলেন, "সব প্রার্থীর এজেন্টের সামনে ব্যালট বাক্স খুলে ভোট (ব্যালট পেপার) গণনা হবে। তাদের উপস্থিতিতে ফল ঘোষণা করে জনসাধারণকে জানানোর জন্য তা সুবিধাজনক স্থানে টাঙানো হবে। এরপর সব ফল রিটার্নিং অফিসারের কাছে কেন্দ্রীভূত করে প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে প্রাথমিক ফল ঘোষণা হবে।"
এম সাখাওয়াত হোসেন বলেন, "দেশি-বিদেশি পর্যাপ্ত পর্যবেক্ষক (৫ হাজারেরও বেশি) এবারের নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ফল নিয়ে কারো শঙ্কা বা প্রশ্ন রাখার সুযোগ থাকবে না।''
ভোটের দিন জরুরি অবস্থা থাকার বিষয়ে তিনি বলেন, "এমনিতেই ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের পরে ৪৮ ঘণ্টা পর্যন্ত জরুরি অবস্থার চেয়েও কঠোর অবস্থা বলবৎ থাকে। এটা নির্বাচনী বিধি। এ সময়ে সব ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। এ কারণে নির্বাচনের সময়টুকতে জরুরি অবস্থা থাকা বা না থাকা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।"
সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং নওহাটা, দুপচাঁচিয়া, চুয়াডাঙ্গা, শ্রীপুর, মানিকগঞ্জ, ফুলবাড়িয়া, শরীয়তপুর, গোলাপগঞ্জ ও সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার সকালে সিইসি এ টি এম শামসুল হুদা মানিকগঞ্জ পৌরসভা এলাকায় ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত যাবেন গাজীপুরের শ্রীপুরে। আরেক কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের সিলেটে যাওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে তা বাতিল করা হয়েছে।
চার সিটি ও নয় পৌরসভার পর অক্টোবরের শেষ সপ্তাহে ৩০০টি উপজেলায় নির্বাচনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এছাড়া, রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এসএনডি/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24