২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া টাকা না পেলে বিজেএমসির কলে পাট দেবে না ব্যবসায়ীরা

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে পাট সরবরাহ বাবদ বকেয়া টাকা আগামী ৪ আগস্টের মধ্যে পরিশোধ করা না হলে ৫ আগস্ট থেকে বিজেএমসি'র আওতাধীন কলগুলোতে সরবরাহ বন্ধ করে দেবে পাট ব্যবসায়ী সমিতির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

খুলানা, আগষ্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব পাটকলে পাট সরবরাহ বাবদ বকেয়া টাকা আগামী ৪ আগস্টের মধ্যে পরিশোধ করা না হলে ৫ আগস্ট থেকে বিজেএমসি'র আওতাধীন কলগুলোতে সরবরাহ বন্ধ করে দেবে পাট ব্যবসায়ী সমিতির নেতারা। শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মোড়ল এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ২৩টি পাটকলে পাট সরবরাহ বাবদ বিজেএমসির কাছে পাট ব্যবসায়ীদের পাওনা ১৩০ কোটি টাকা। এর মধ্যে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ব পাটকলে সরবরাহ বাবদ পাওনা ৪৬ কোটি ১৩ লাখ টাকা। খুলনার পাটকলগুলোর মধ্যে ক্রিসেন্ট জুটমিলের কাছে ৮ কোটি ৬০ লাখ টাকা, পিপলস জুটমিলের কাছে ৭ কোটি ১২ লাখ টাকা, প্লাটিনাম জুটমিলের কাছে ৯ কোটি ৪০ লাখ টাকা, আলীম জুটমিলের কাছে ৩ কোটি ২২ লাখ টাকা, কার্পেটিং জুটমিলের কাছে ৫৫ লাখ টাকা, ইস্টার্ন জুটমিলের কাছে ৪ কোটি ৬৬ লাখ টাকা, যশোর জুট ইন্ডাস্ট্রিজের কাছে ৩ কোটি ৮৫ লাখ টাকা, স্টার জুটমিলের কছে ৫ কোটি ৫৫ লাখ টাকা এবং দৌলতপুর জুটমিলের কাছে ব্যবসায়ীরা ৩ কোটি ২১ লাখ টাকা পাবেন। দেশের অন্য পাটকলগুলোর মধ্যে বাংলাদেশ জুটমিলের কাছে ৭ কোটি ৮৫ লাখ টাকা, করিম জুটমিলের কাছে ৭ কোটি ৭৩ লাখ টাকা, লতিফ বাওয়ানী জুটমিলস লিমিটেডের কাছে ৯ কোটি ৫১ লাখ টাকা, ইউএমসি জুটমিলস লিমিটেডের কাছে ১৭ কোটি ৩২ লাখ টাকা, রাজশাহী জুটমিলস লিমিটেডের কাছে ৪ কোটি ৯৮ লাখ টাকা, আমিন জুটমিলস লিমিটেডের কাছে ৬ কোটি ২ লাখ টাকা, গুল আহমেদ জুটমিলস লিমিটেডের কাছে ৫ কোটি ৫৬ লাখ টাকা, হাফিজ জুটমিলস লিমিটেডের কাছে ৬ কোটি ৫০ লাখ টাকা, এমএম জুটমিলস লিমিটেডের কাছে ১ কোটি ১৪ লাখ টাকা, আর আর জুটমিলস লিমিটেডের কাছে ১ কোটি ৭০ লাখ টাকা, বিজিসিএফ জুটমিলস লিমিটেডের কাছে ৫৭ লাখ টাকা, কর্ণফুলী জুটমিলস লিমিটেডের কাছে ১ কোটি ৬৩ লাখ টাকা, কওমী জুটমিলস লিমিটেডের কাছে ২ কোটি ৭০ লাখ টাকা এবং আদমজী জুটমিলস লিমিটেডের কাছে ১১ কোটি ৩৪ লাখ টাকা। এগুলোর মধ্যে আদমজীসহ কয়েকটি পাটকল এখন বন্ধ রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শেখ আবু জাফর, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের পিন্টু, পাট ব্যবসায়ী বজলুর রহমান, শাহাবুদ্দিন আহম্মেদ, রঞ্জন কুমার দাস, সৈয়দ ফকরুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে বিজেএমসি খুলনার আঞ্চলিক সমন্বয়কারী মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাট ব্যবসায়ীরা বিজেএমসি'র কাছে কিছু টাকা পাবেন। তবে কত টাকা পাবেন তা এ মুহূর্তে বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১২ ঘ.