২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্প-পরবর্তী বিপর্যয়েই বেশি প্রাণহানির আশঙ্কা ঢাকায়

ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে এর পরবর্তী সময়ে নানান বিপর্যয়েই বেশি প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান মনে করেন, এ ধরনের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ১০ জনও যদি নিহত হয়, তাহলে পরবর্তী সময়ে আগুনে পুড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, না খেয়ে আর ধ্বংসস্তুূপের নিচে চাপা পড়ে মারা যাবে আরো অন্তত ১০ হাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে এর পরবর্তী সময়ে নানান বিপর্যয়েই বেশি প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামরুল হাসান মনে করেন, এ ধরনের ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ১০ জনও যদি নিহত হয়, তাহলে পরবর্তী সময়ে আগুনে পুড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, না খেয়ে আর ধ্বংসস্তুূপের নিচে চাপা পড়ে মারা যাবে আরো অন্তত ১০ হাজার। শনিবার বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) 'নগরায়ণ ও ভূমিকম্পের ঝুঁকি: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। সভায় ভূমিকম্পের ক্ষতি কমাতে ভবন নির্মাণ নীতিমালাগুলোর যথাযথ প্রয়োগ, পরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্পকালীন ও ভূমিকম্প-পরবর্তী করণীয় সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা। মূল প্রবন্ধে ভূমিকম্প ও সুনামি বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা শহরের মাত্র ৩৫ ভাগ লালমাটির এলাকাকে শক্ত মাটির ধরা যেতে পারে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাকি অংশ বিল-ঝিল-খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে বলে সেখানে বহুতল ভবন খুবই ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পে এ মাটিতে তৈরি ভবন শক্ত মাটির ভবনের চেয়ে ছয়গুণ বেশি কাঁপবে বলে জানান অধ্যাপক মাকসুদ কামাল। একটি হিসেব দিয়ে তিনি বলেন, "ঢাকা শহরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হলে সাড়ে ছয়লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আর ৫৪ হাজার মানুষ মারা যাবে। আর ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে সাড়ে আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মারা যাবে ৮০ হাজার মানুষ। ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৯৬ হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। মাত্রা ৭ দশমিক ৪ হলে এ সংখ্যা দাঁড়াবে এক লাখ ৩৪ হাজারে।" অধ্যাপক কামাল জানান, ২৭ জুলাইয়ের ভূমিকম্পে ময়মনসিংহের হালুয়াঘাট, শেরপুরের নালিতাবাড়ী ও নেত্রকোণার দূর্গাপুরে ভূমিকম্পের তীব্রতা ছিল ভয়াবহ রকমের। তিনি বলেন, নরম মাটির এলাকা হওয়ায় তীব্রতা বেশি থাকলেও গ্রামাঞ্চল বলে বহুতল স্থাপনা না থাকায় ক্ষতি কম হয়েছে। অধ্যাপক কামরুল হাসান বলেন, "ভূমিকম্পের পর ঢাকার অনেক এলাকার রাস্তায় অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়িও তো ঢুকতে পারবে না। ওই ধরনের পরিস্থিতি হলে কে কাকে উদ্ধার করবে!" বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী ভবন নির্মাণকারী (ডেভেলপার) কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বলেন, "১০ ভাগ ভবন নির্মাতা প্রতিষ্ঠান হয়তো নীতিমালা অনুসরণ করছে। বাকিরা বিল-ঝিল ভরাট করে, নিয়ম নীতির তোয়াক্কা না করেই বহুতল বাড়ি বানাচ্ছেন।" গৃহনির্মাণ শিল্পের জন্য আইন হলে ব্যবসা নষ্ট হবে বলে রিহ্যাব যে প্রচারণা চালাচ্ছে তা ঠিক নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি কমাতে এ আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের উপাচার্য ড. এ এম এম সফিউল্লাহ ঝুঁকি কমাতে পরিকল্পিত নগরায়নের ওপর জোর দিয়ে বলেন, "ঢাকায় বড় কিছু হলে রাস্তার কারণেই উদ্ধার যানগুলো ঘটনাস্থলে যেতে পারবে না। বিদেশের উদাহরণ বাংলাদেশে দিলে হবে না। বাংলাদেশের মতো করে পরিস্থিতি চিন্তা করতে হবে।" অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক রোখসানা হাফিজ। পরিচালক ছিলেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এসকে/২২৫২ঘ.