বান্দরবান, ২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির হামলায় দুই দিনে শিশুসহ ২ জন নিহত হয়েছে। পাহাড় থেকে নেমে আসা হাতি বসত ঘর লণ্ডভণ্ড ও জমির ফসলেরও ক্ষতি করেছে।
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক মেম্বার এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া জানিয়েছেন, শনিবার ভোরে ইউনিয়নের হারগাজা ও হেডম্যান স্কুল পাড়া এলাকায় বন্য হাতির দল হানা দেয়। তিনি জানান, এসময় ক্ষিপ্ত হাতি হারগাজায় রাশেদ (১৮) নামে এক যুবককে পায়ে পিষ্ট করে মারে। এছাড়া মফিজুর রহমান ও নাসিমা নামে ২ জন আহত হয়।
বাচ্চু মিয়া আরো জানিয়েছেন, হাতির দল শেষ রাতের দিকে হেডম্যান স্কুল পাড়ায় হামলা চালায়। এসময় তারা ১০/১২ টি বসত ঘর লণ্ডভণ্ড ও বিপুল পরিমাণ জমির ফসল নষ্ট করে।
এদিকে গত শুক্রবার ভোরে নাইক্ষ্যংছড়ির আসাদতলী এলাকায় ফরিদুল আলমের বাড়িতে বন্য হাতির দল হামলায় চালায়।
নাইক্ষ্যংছড়ির স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদীন টুকু ও সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম জানান, এসময় বাড়ির লোকজন ঘুমিয়ে ছিল। হাতি বসত ঘর তছনছ করার সময় ফরিদুল আলমের পলায়নরত স্ত্রীর কোল থেকে তার শিশুকন্যা শামসুন্নাহারকে শুড় দিয়ে কেড়ে নিয়ে আছড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে গত ১১ জুলাই লামার ফাঁসিয়াখালী ইউনিয়নেরই বনপুরা এলাকায় বুনো হাতি তাণ্ডব চালিয়ে একই পরিবারের ৪ জনকে মেরে ফেলে। এর ২ দিন পর একই এলাকায় হাতি হামলা চালায়।
স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন জানিয়েছেন, লামা ও নাইক্ষ্যংছড়ি এলাকায় বন্য হাতি প্রায়ই হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বন বিভাগ ও প্রশাসনকে এ বিষয়ে জানালেও এর তেমন প্রতিকার মিলছে না বলে তারা অভিযোগ করেন।
পাহাড়ে খাদ্যাভাব ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাতির পুরনো চলাফেরার পথে জনবসতি গড়ে ওঠায় মানুষের সঙ্গে এই বৃহৎ বন্যপ্রাণীটির প্রায়ই সংঘাত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯০২ঘ.
bdnews24