২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা হাতে ছাতা মাথায় অন্য এক রাহুল

"ব্র্যাকের কর্মসূচিগুলো ঘুরে দেখার সময় সকালে তরগাঁও গ্রামে রাহুল গান্ধীকে বহনকারী কালো মাইক্রোবাসটি হঠাৎ থেমে যায়। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটি চায়ের দোকানে গিয়ে এক কাপ চা চান তিনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ব্র্যাকের কর্মসূচিগুলো ঘুরে দেখার সময় সকালে তরগাঁও গ্রামে রাহুল গান্ধীকে বহনকারী কালো মাইক্রোবাসটি হঠাৎ থেমে যায়। গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটি চায়ের দোকানে গিয়ে এক কাপ চা চান তিনি। এ ঘটনায় হতবিহ্বল নিরাপত্তাকর্মীদের সামনেই চায়ের কাপে চুমুক দিতে দিতে আশপাশের বিস্তৃত ধানক্ষেত আর সবুজ প্রকৃতি দেখে নেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল।" ব্র্যাকের মিডিয়া ম্যানেজার জিয়া হাশান শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এভাবেই বর্ণনা করেন রাহুলের প্রথম বাংলাদেশী গ্রামদর্শন। বাংলাদেশ সফররত লোকসভা সদস্য ও কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শনিবার গাজীপুরে ব্র্যাক পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পথে হঠাৎ এমনকরেই চমকে দিয়েছেন তার সফরসঙ্গীদেরও। সকাল ৭টায় মহাখালীর 'ব্্র্যাক ইন সেন্টার' থেকে সড়ক পথে রাহুল গান্ধী প্রথমে যান গাজীপুরের ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে। খানিকক্ষণ সেখানে কাটানোর পর শুরু হয় তার দিনের কর্মসূচি। গাজীপুরে রাহুল গান্ধী সকাল থেকে টানা সাত ঘণ্টা ঘুরে ব্র্যাক পরিচালিত ক্ষুদ্রঋণ, নারীদের গ্রাম সংগঠন সভা, প্রাথমিক শিশুশিক্ষা, গণ পাঠাগার, নারী স্বাস্থ্য পরিচর্চা কার্যক্রম, কিশোর-কিশোরী কেন্দ্রের কার্যক্রম দেখেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, পরিচালক আহেমদ নাজমূল হোসাইন, শিক্ষা ইন্সটিটিউটের পরিচালক ইরাম মারিয়ম, সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার পুস্পিতা আলম তার সঙ্গে ছিলেন। রাহুল গান্ধীর সফরসঙ্গী রাজীব গান্ধী ফাউন্ডেশনের সুমান দুবে, মনোজ মুক্তু, জ্ঞানেন্দ্র বাডগাইয়াও ছিলেন সেসময়। হাফ সার্ট, জিন্সের প্যান্ট পরা রাহুল লাহুড়ি গ্রামে নারী ঋণগৃহীতাদের সভায় যোগ দেন। পরে তিনি ওই গ্রামে দুই ঋণগ্রহীতা ফারহানা ও রেজিনার বাড়িতে যান। একজন ব্র্যাক কর্মকর্তা জানান, ফারাহানা ও রেজিনার বাড়িতে যাওয়ার সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাহুল নিজেই ছাতা মাথায় তাদের বাড়ি রওনা হন। কুশল বিনিময় করেন তাদের সঙ্গে। গান্ধী পরিবারের এ সদস্যকে দেখে ফারহানা ও রেজিনার পরিবারে খুশির শেষ ছিল না। এরপর একটি প্রি-প্রাইমারি স্কুল পরিদর্শন করেন রাহুল গান্ধী। ছোট্ট শিশুরা নতুন অতিথিকে নেচে-গেয়ে স্বাগত জানায়। কয়েকজন শিশুকে কাছে টেনে নেন রাহুল গান্ধী।