রংপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শুক্রবার বিকেলে রংপুর শহরতলীতে নিজের বাসায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "হাইকোর্ট স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ে নির্বাচন করা যাবে বলে রায় দিয়েছে। ফলে আর কোনো সমস্যা থাকছে না। জাতীয় পার্টি দলগতভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে এবং দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেবে।"
জাতীয় পার্টি মহাজোট থেকে জাতীয় সংসদ নির্বাচন করবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "জাতীয় পার্টি অবশ্যই মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে।"
আগামী উপজেলা নির্বাচনে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে জানিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
এরশাদ বিকেলে রংপুরে নিজের বাড়িতে পৌঁছালে দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানায়। দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুবসংহতির জেলা সভাপতি এসএম ইয়াসির আহাম্মেদ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
মোস্তাফিজার রহমান জানান, এরশাদ চার দিনের সফরে রংপুরে এসেছেন। শনিবার নিজের নির্বাচনী এলাকা সদ্যপুষ্করিনী, তামফাটসহ বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। রোববার যাবেন বদরগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/১১৩২ ঘ.
bdnews24