অ্যাডভাইজরি: তথ্যগত বিভ্রান্তির কারণে এই খবরের আগের সংস্করণটি প্রত্যাহার করা হলো। বর্তমান সংশোধিত সংস্করণটি ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বরিশাল, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আহসান হাবিব কামালকে সমর্থন দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল থেকেই কামালের নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতা কর্মীদের দেখা গেছে।
আহসান হাবিব কামালকে ২০০৩ সালের মার্চে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপির বরিশাল মহানগর শাখার সভাপতি ছিলেন।
জামায়াতের বরিশাল মহানগর আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসনে হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেতা কর্মীদের ইচ্ছায় কামালকে নীতিগতভাবে সমর্থন দেওয়া হয়েছে।
তিনি বলেন, "জামায়াতে ইসলামী প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন করবে না। কোনো নেতা-কর্মী ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু বরিশালের রাজনীতির স্বার্থে এবং নেতা কর্মীদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে আমরা কামালকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জেকে/এমএইচবি/২২৫৯ ঘ.
bdnews24