জামালপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের তারাকান্দি থেকে যমুনা সেতু পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের আওতায় রেল লাইন বসানোর কাজ অবশেষে শুরু হয়েছে।
শুক্রবার সকালে কাজের উদ্বোধন করে রেলওয়ের প্রধান প্রকৌশলী এম এ কাশেম সাংবাদিকদের জানান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ- এ পাঁচ জেলার মানুষের সুবিধার্থে তারাকান্দি-যমুনা সেতু রেল সংযোগ প্রকল্প গ্রহণ করা হয় ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে। দুই বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হয় ২০০০ সালে।
প্রথম পর্যায়ে এ প্রকল্পে ১৮৩ কোটি টাকা ব্যয় ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২১৬ কোটি টাকা করা হয়। প্রকল্পের কাজের মধ্যে রয়েছে- ভূমি অধিগ্রহণ, ৫২টি ব্রিজ কালভার্ট, ৪২ কিলোমিটার রেলপথ নির্মাণ, ৩টি রেল স্টেশন স্থাপন।
২০০০ সালে প্রকল্পের কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকার অজুহাতে দফায় দফায় সময় বাড়ানো হয়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার বিষয়টি চূড়ান্ত হয়।
তিনি জানান, প্রকল্পের ৫২টি ব্রিজ কালভার্টের মধ্যে এখনও ১২টি এবং এবং বারই পটল, হেমনগর ও ভূয়াপুর এই তিনটি স্থানে রেল স্টেশন স্থাপনের কাজ শুরু হয়নি।
নির্ধারিত সময় ২০০৯ সালের ডিসেম্বরেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন রেলের প্রধান প্রকৌশলী।
তিনি বলেন, এ রেলপথ হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গে অল্প সময়ে যাওয়া যাবে। এর পাশাপাশি তারাকান্দি যমুনা সারকারখানা থেকে উত্তরবঙ্গে দ্রুত ও কম খরচে সার পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24