মাগুরা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কয়াগাছি এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মাগুরার নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) শাহীনুল কবির মারা গেছেন। আহত হয়েছেন আরও তিন ম্যাজিস্ট্রেট।
আহতরা হলেন- আব্দুল্লাহ হেল বাকী, রবিউল ফয়সাল ও খুরশীদ শাহরিয়ার। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীনুল কবিরের মরদেহ মাগুরা সদর হাসপাতকাল মর্গে রাখা হয়েছে।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) একান্ত সহকারী আব্দুস সালাম এবং স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অফিসের কাজে এনডিসি ও তিন ম্যাজিস্ট্রেট জিপে চড়ে খুলনা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের কয়াগাছি এলাকায় পৌঁছানোর পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা আনার পথে এনডিসি শাহীনুল মারা যান।
শাহীনুল কবির ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের গোলাম সরওয়ারের ছেলে। তার স্ত্রীও একজন ম্যাজিস্ট্রেট। তিনি এখন একটি প্রশিক্ষণ কাজে থাইল্যান্ড রয়েছেন। তাদের পাঁচ বছর বয়সী একমাত্র মেয়ে ঢাকায় দাদীর সঙ্গে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১০ ঘ.
bdnews24