২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া পাহারায় রাহুল গান্ধী ঢাকায়

ভারতের লোকসভার সদস্য এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শুক্রবার বিকালে ঢাকা পৌঁছেছেন। কড়া নিরাপত্তার মধ্যে গান্ধী পরিবারের এই সদস্যকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারতীয় দূতাবাসের কর্মকতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের লোকসভার সদস্য এবং ক্ষমতাসীন কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী শুক্রবার বিকালে ঢাকা পৌঁছেছেন। কড়া নিরাপত্তার মধ্যে গান্ধী পরিবারের এই সদস্যকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভারতীয় দূতাবাসের কর্মকতারা। সফরকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কয়েকটি প্রকল্প ঘুরে দেখবেন তিনি। রাহুল গান্ধীর আগমন উপলক্ষে জিয়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দর অভিবাসনের কর্মকর্তা নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল তিনটা ২০ মিনিটে ভারতীয় জেট এয়ারলাইন্সের একটি বিমানে রাহুল গান্ধী ঢাকা পৌঁছেছেন। পুলিশ কর্মকর্তা তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ভিআইপি নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি।'' ভিআইপি লাউঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব), পুলিশ, আমর্ড পুলিশ, ডগ স্কোয়াড ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দুপুর আড়াইটা থেকে অবস্থান নেয়। ভিআইপি লাউঞ্জের প্রবেশমুখে সাধারণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। র‌্যাব ও ডগ স্কোয়াড সদস্য পুরো এলাকা ঘিরে রাখে। পাঁচ দিনের ব্যক্তিগত সফরে ভারতীয় ক্ষমতাসীন কংগ্রেস-এর অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ঢাকা এসেছেন। রাহুল ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর একমাত্র ছেলে। রাহুল বাংলাদেশ সফরকালে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। তার কর্মসূচির মধ্যে আছে, শনিবার গাজীপুরে ব্র্যাক পরিচালিত বিভিন্ন কর্মকান্ড ও রোববার মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন। সোমবার সকাল নয়টায় রাহুল গান্ধী রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয় পরিদর্শন করবেন। রাহুল গান্ধীর নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্র"প (এসপিজি)-এর একটি দল গত বুধবার ঢাকায় আসে। রাহুল সে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে জেড-প্লাস পেয়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিসি/এসএম/জিএনএ/১৫৩৮ ঘ.