সিরাজগঞ্জ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জ পৌর এলাকায় বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা। ওই গৃহবধূর স্বামী ও সতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পৌর এলাকার মিরপুর হাওলাদার পাড়ায় জেলে লক্ষণ দাসের দুই স্ত্রী। প্রথম স্ত্রী গোলাপি দাস ও দ্বিতীয় স্ত্রী সুস্মিতা দাস। বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে মারা যান গোলাপি দাস। গোলাপিকে (৪০) পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে শুক্রবার সদর থানায় মামলা করেছে তার স্বজনরা।
এজাহারের উদ্ধৃতি দিয়ে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূরনবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার মধ্যরাতে লক্ষণ দাস ও তার দ্বিতীয় স্ত্রী সুস্মিতার সঙ্গে গোলাপির ঝগড়া বাঁধে। এক পর্যায়ে লক্ষণ ও সুস্মিতা মিলে পিটিয়ে ও শ্বাসরোধ করে গোলাপিকে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।"
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা নূরনবী বলেন, "পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে। লক্ষণ দাস ও সুস্মিতাকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৬ ঘ.
bdnews24