২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় ছোটখাট ভুল থাকলেও ভোট দিতে বাধা নেই

ভোট দিতে জাতীয় পরিচয়পত্র লাগবে না। ছবিসহ ভোটার তালিকার ভিত্তিতেই ভোট দেবেন ভোটাররা। ভোটার তালিকায় ছোটখাট ভুল বা তথ্যের গরমিলের কারণে ভোটদানে কোনো অসুবিধা হবে না। এ বারের জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নেওয়া এ সিদ্ধান্তের ভিত্তিতে ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় ভোট নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট দিতে জাতীয় পরিচয়পত্র লাগবে না। ছবিসহ ভোটার তালিকার ভিত্তিতেই ভোট দেবেন ভোটাররা। ভোটার তালিকায় ছোটখাট ভুল বা তথ্যের গরমিলের কারণে ভোটদানে কোনো অসুবিধা হবে না। এ বারের জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নেওয়া এ সিদ্ধান্তের ভিত্তিতে ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই এ নির্দেশনা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পাঠিয়ে দিয়েছে কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ মো. খুরশিদ আনোয়ার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। খুরশিদ আনোয়ার বলেন, ভোটার তালিকায় ছোটখাট ভুল, মুদ্রণজনিত ত্র"টি কিংবা তথ্যের গরমিল বা জাতীয় পরিচয়পত্রে ছবির অস্পষ্টতা ইত্যাদি কারণে ভোটারদের ভোটদানে বিরত না রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং প্রার্থীর নির্বাচনী এজেন্টসহ সবাইকে এ বিষয়ে তারা অবহিত করবেন। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, তেরটি নির্বাচনী এলাকায় ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রে অনেকক্ষেত্রে ছোটখাট ভুল থাকতে পারে। ভোটদানের জন্য জাতীয় পরিচয়পত্র আবশ্যক নয়। তবে কোনো ভোটার ইচ্ছে করলে তা বহন ও প্রদর্শন করতে পারেন। ভোটকেন্দ্রে কোনো ভোটারকে জাতীয় পরিচয়পত্র আনার জন্য কিংবা দেখানোর জন্য পরামর্শ দেয়া যাবে না। ভোটার তালিকার ভিত্তিতে কোনো ভোটারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে ব্যালট পেপার দিতে হবে এবং ভোটার তালিকায় ছোটখাট ভুলের জন্য কোনো ভোটারকে ভোট দেওয়া থেকে বিরত রাখা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএইচবি/২৩৩৪ ঘ.