২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমসাময়িক সমস্যা মোকাবেলার জন্য সার্ক নেতাদের বাংলাদেশের আহ্বান

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যাগুলো মোকাবেলার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভূক্ত (সার্ক) দেশগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যাগুলো মোকাবেলার জন্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভূক্ত (সার্ক) দেশগুলোর নেতাদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোতে সার্ক মন্ত্রীপর্যায়ের কাউন্সিলের সভার প্রথম অধিবেশনে ড. ইফতেখার এই আহ্বান জানান। 'সার্ক ফুড ব্যাংক' সক্রিয় করার জন্যও সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আগামী ২ আগস্ট অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে বৃহস্পতিবার থেকে মন্ত্রীপর্যায়ের এই সভা শুরু হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতেখার আহমেদ খাদ্য নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি ও জলবায়ু পরিবর্তনের মতো সমকালীন সমস্যাগুলো মোকাবেলা করতে সার্ককে আরও কার্যকর করে তোলার জন্য আহ্বান জানান। পরিকল্পনাধীন সার্ক ফুড ব্যাংকের কার্যক্রম অতিসত্ত্বর চালু করার আবেদনও তিনি জানিয়েছেন বলে এতে জানানো হয়। সদস্য দেশগুলো ওই ব্যাংকে খাদ্য জমা রাখবে এবং প্রয়োজনের সময় তা নিতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকাকে (সাফটা) "বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতির মাধ্যম"বলে আখ্যায়িত করেছেন এবং সার্ক দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী নন-ট্যারিফ প্রতিবন্ধকতা উঠিয়ে নেওয়ার কথাও বলেছেন তিনি। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলা করার জন্য সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া নিরাপত্তার ব্যাপারে একটি সমন্বিত আঞ্চলিক কৌশল গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সার্ক অঞ্চলের দেশগুলো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বৃহত্তর অংশ সরবরাহ করে বলে এবং দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই যোগাযোগ বিদ্যমান থাকায় ইফতেখার আহমেদ চৌধুরি আঞ্চলিক নিরাপত্তা বাহিনীসমূহের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বৈঠকের মাধ্যমে একটি সহযোগিতা কাঠামো তৈরির প্রস্তাব করেন বলেও জানানো হয়। সভায় এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি কাউন্সিলের সভাপতিত্ব শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী রোহিথা বোগোল্লাগামাকে হস্তান্তর করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২০১৭ঘ.