২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ছিনতাই হওয়া পুলিশের শটগান তিনদিন পর উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছিনতাই হওয়া পুলিশের শটগানটি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রহ্মপুত্র নদীর চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

কিশোরগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহের গফরগাঁওয়ে ছিনতাই হওয়া পুলিশের শটগানটি বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রহ্মপুত্র নদীর চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত সোমবার কিশোরগঞ্জের সীমান্তবর্তী গফরগাঁওয়ের খুর্শিদমহল সেতু এলাকায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে শটগান ও নয় রাউন্ড গুলি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী মির্জাবাড়ি চর এলাকা থেকে শটগানটি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলবে বলে তিনি জানান। ছিনতাইয়ের পরদিন গত মঙ্গলবার কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা পুলিশ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মহিষার কান্দা গ্রামের আলাল (৫৫), বকুল (৫০), আল আমিন (২০), বাদল (৩৫) ও ফাইজুল (৪৫)। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এরা হলেন- উপ-পরিদর্শক আবদুল হান্নান, কনস্টেবল নিরঞ্জন, আবদুল গফুর ও আবদুল মান্নান। গত সোমবার রাতের ওই ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল নিরঞ্জন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১৫ ঘ.