ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশে প্রথমবারের মতো করদাতা সেবা কেন্দ্র চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঢাকা কর অঞ্চল-৭ এর করদাতাদের জন্য রাজধানীর ২৪/ডি তোপখানা রোডে এ সেবা কেন্দ্র খোলা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ আনুষ্ঠানিকভাবে এ কেন্দ্রের উদ্বোধন করেন। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় আবদুল মজিদ বলেন, "এই সেবা কেন্দ্র খোলার মধ্য দিয়ে করদাতা ও কর আদায়কারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। করদাতারা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের সেবা পাবেন।"
সেবা কেন্দ্রটি চালুর মধ্য দিয়ে করদাতাদের হয়রানি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। পর্যায়ক্রমে এ ধরনের আরও সেবা কেন্দ্র খোলা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা কর অঞ্চল-৭ এর কমিশনার গিয়াস উদ্দিন মাহমুদ ও কর অঞ্চল-৪ এর কমিশনার চৌধুরী আমির হোসেন বক্তব্য দেন।
এনবিআর চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমবারের মতো গত অর্থ বছরে এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে। রাজস্ব আদায় বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপেরই একটি হচ্ছে এ সেবা কেন্দ্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/২০৫১ঘ.
bdnews24