ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই অতিরিক্ত সচিব, ছয় যুগ্ম সচিব ও তিন উপ সচিব পদে বুধবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।
দুই অতিরিক্ত সচিবের মধ্যে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমকে সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এ কে এম আজিজুল হককে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক করা হয়েছে।
যুগ্ম সচিবদের মধ্যে ওএসডি মোহাম্মদ আবু তাহেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এবং ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের পরিচালক খোরশেদ আলম চৌধুরীকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরীক্ষিৎ দত্ত চৌধুরীকে ওএসডি করে সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ুন কবির খানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলির আদেশ বাতিল করে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ওএসডি যুগ্ম সচিব মো. শোয়াইবকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে এবং ওএসডি গোলাম হোসেনকে জাতীয় পরিচয় নিবন্ধণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আমজাদ হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এবং ওএসডি উপ সচিব মহিউদ্দীন খানকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব জুয়েনা আজিজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/২০৪১ ঘ.
bdnews24