২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি 'অত্যন্ত ভালো' বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। স্থানীয় নির্বাচন ঘিরে পরিস্থিতির অবনতি হওয়ার কোনও আশঙ্কাও করছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি 'অত্যন্ত ভালো' বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন। স্থানীয় নির্বাচন ঘিরে পরিস্থিতির অবনতি হওয়ার কোনও আশঙ্কাও করছেন না তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমএ মতিন বলেন, "দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অত্যন্ত ভালো। কোথাও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই।" আগামী ৪ আগস্ট চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচন হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা-পরিস্থিতির বিষয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হচ্ছে। তবে আমি মনে করি, এখন ঝুঁকিপূর্ণ বলে কোনও কেন্দ্র নেই।" এদিকে গত ২৪ জুলাই এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান নূর মোহাম্মদ জানান, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে মোট ৫৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৯টিকে 'ঝূঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এছাড়া মানিকগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া, শরীয়তপুর, সীতাকুণ্ড, নওহাটা, দুপচাঁচিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ পৌর এলাকার ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৫টি 'ঝুঁকিপূর্ণ' বলে তিনি জানান। আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাওয়া হলে এমএ মতিন বলেন, "নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও নির্বাচনী এলাকায় বা কোনও কেন্দ্রে কী পরিমাণ ও কী ধরনের ফোর্স থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত এক সভায় আরও নির্দেশনা দেওয়া হবে।" নির্বাচনী এলাকায় মোবাইল ফোন বন্ধের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলে তিনি জানান। দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জামিনে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আইনগতভাবেই তাদের জামিন হচ্ছে। জামিন হলেও তাদের মামলাগুলো বন্ধ নেই। মামলাগুলো নিজগতিতে চলছে।" রাজনীতিবিদদের গ্রেপ্তারে সরকারের সিদ্ধান্ত ভুল ছিল কিনা- প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "না, ওই সিদ্ধান্ত ভুল ছিল না। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি কী পর্যায়ে রয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে এমএ মতিন বলেন, "এ বিষয়ে এ মুহূর্তে আমার কিছু জানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এমআই/১৪১৬ ঘ.