রাজবাড়ি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ির পাংশা উপজেলায় বুধবার ভোররাতে পুলিশের 'এনকাউন্টারে' মারা গেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক নেতা তোফাজ্জল হোসেন তুফান ওরফে শিমুল (৩৫)।
পাংশার সহিসশাহী চাঁদপুর গ্রামের একটি সেতুর কাছে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিমুলকে নিয়ে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে গেলে সহিসশাহী চাঁদপুর গ্রামে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের গোলাগুলির সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় শিমুল।"
গুলিবিদ্ধ শিমুলকে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান বলে ওসি সেরাজুল ইসলাম জানান।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, রিভলবারের দুই রাউন্ড গুলি এবং একটি এলজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গোলাগুলিতে চার পুলিশ ও এক আনসার সদস্যও আহত হন বলে ওসি সেরাজুল জানান।
আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, ফরহাদ, কনস্টেবল মোসলেম এবং আনসার সদস্য বাবুল।
শিমুলের বিরুদ্ধে রাজবাড়ি, পাবনা এবং ঢাকায় পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, গত সোমবার রাতে সদর উপজেলার সূর্যনগর থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন পাংশা থানা এলাকা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয়।
নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা ডা. টুটুল এ সপ্তাহেই নওগাঁয় পুলিশের 'ক্রসফায়ারে' নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৭ ঘ.
bdnews24