ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত ১১৮ জন বাংলাদেশীকে বুধবার দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার।
ইয়েমেন এয়রলাইন্সের একটি বিমানে করে সকালে তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে বিমান বন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এসব বাংলাদেশীদের বৈধ পাসপোর্ট ছিলনা। সে কারণে সৌদি সরকার তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে।"
বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ও সৌদি আরবের পত্রপত্রিকায় সেদেশে অবৈধভাবে বসবাসকারীদের নিয়ে লেখালেখি হচ্ছিল।।
এ অবস্থায় সেদেশের পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়ে অনেককেই বিভিন্ন কারাগার ও প্রত্যাবর্তন কেন্দ্রে আটক করে রাখে। পরে তাদেরকে দেশে পাঠিয়ে দেয়।
সৌদি দূতাবাসের হিসেব মতে, সেদেশে ১৭ লাখ ৬৫ হাজার বাংলাদেশী বৈধভাবে বসবাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১১৫৮ ঘ.
bdnews24