ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির ভুয়া দলিল বন্ধক রেখে আইএফআইসি ব্যাংকের ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পরিচালক ও বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান সোহেল এফ রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আজিজুল হক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামি ৩১ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য চারজন হলেন, আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক আসহাব-উদ-দৌলা, ওই ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ক্রেডিট বিভাগের ইনচার্জ মো. জিয়াউল বারী, বেক্সিমকো হোল্ডিংস এর পরিচালক ইকবাল আহমেদ ও এম এ কাশেম।
এই মামলার অভিযোগপত্রভুক্ত অপর আসামি আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও বেক্সিমকো হোল্ডিংস লি. এর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান কারাগারে আছেন।
সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম।
২০০৭ সালের ৫ সেপ্টেম্বরে মতিঝিল থানায় মামলাটি করে কমিশন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বেক্সিমকো প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের নামে বানানো সাতটি ভুয়া দলিলে মোট ১৩০ দশমিক ৪২ একর জমি দেখিয়ে আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা ঋণ সুবিধা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এমএইচবি/২২৫৬ ঘ.
bdnews24