ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়েত সরকারের সঙ্গে সমঝোতার পর মঙ্গলবার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিকরা। বেতন-ভাতা বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে গত শনিবার থেকে ধর্মঘট শুরু করে এসব শ্রমিক।
মাসিক ৫০ দিনারের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও মাত্র ২০ দিনার করে বেতন পাচ্ছিলেন বিক্ষোভে নামা শ্রমিকরা। তাদের বেশিরভাগই গেছেন বাংলাদেশ থেকে। সামান্য বেতন থেকে ভিসার নাম করে আরো ১২ দিনার কেটে রাখা হচ্ছে। কুয়েতের ইংরেজি দৈনিক কুয়েত টাইমসের কাছে অসহায় এক বাংলাদেশী শ্রমিকের অর্তি- "মাসে মাত্র আট কুয়েতি দিনার (দু হাজার টাকার সামান্য বেশি) দিয়ে কীভাবে আমরা বেঁচে থাকব। এর ওপরের্ র্কতৃপক্ষের দুর্ব্যবহার তো আছেই।"
বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ের জন্য সোমবার কুয়েতের জেলিব আল-শুওখ ও মাহবলাহ এলাকায় রাজপথে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের পেটায়। কয়েকজনকে এ সময় গ্রেপ্তারও করা হয়। কুয়েত টাইমস জানায়, জেলিব আল-শুওখে পুলিশের ১০ বাংলাদেশী শ্রমিক আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
কুয়েতি মন্ত্রিসভার সদস্য ফয়সাল আল-হাজির উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা কেইউএনএ জানায়, শ্রমিক অধিকার রক্ষার বিষয়টি সরকার নিশ্চিত করবে এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি দেওয়া হবে। এছাড়া শ্রমিকদের সঙ্গে নিয়োগদাতাদের করা চুক্তির শর্ত মেনে চলার বিষয়টিও নিশ্চিত করা হবে।
কুয়েত মন্ত্রিসভার এক বৈঠকে সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
কুয়েতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আহমাদ বাকেরের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, সরকার শ্রমিকদের অভিযোগ তদন্ত করবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে। শ্রমিকদের সঙ্গে কোনো অন্যায় হলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শ্রম আদালতে প্রতিকারের আবেদন জানাতে পারবে।
বিক্ষুব্ধ এক বাংলাদেশী শ্রমিক মঙ্গলবার কুয়েত টাইমসকে বলেন, "মাসিক বেতন ৫০ দিনার (কুয়েতি দিনার) করার দাবি জানিয়েছে শ্রমিকরা এবং বেতন থেকে ভিসা ফি'র নামে কোনো অর্থ কাটা চলবে না। এছাড়া কর্মস্থলের পরিবেশও ভালো করতে হবে।"
শ্রমিকদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এসব শ্রমিককে মাসিক ৫০ দিনারের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও তাদের মাত্র ২০ দিনার করে বেতন দেওয়া হয়। এর মধ্য থেকেও নিয়োগদাতারা ১২ দিনার করে কেটে রাখে ভিসার নাম করে।
এদিকে, কুয়েতে শ্রমিক বিক্ষোভের ব্যাপারে পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেখানকার বাংলাদেশ মিশনের তথ্য অনুযায়ী বিক্ষোভকারী প্রায় ১২ হাজার বাংলাদেশী শ্রমিক আবার কাজে যোগ দিয়েছে। দাবি পূরণের ব্যাপারে সরকার ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।"
মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুল মতিন চৌধুরী সাংবাদিকদের জানান, শ্রমিক অসন্তোষ নিরসনে বাংলাদেশী শ্রমিক প্রতিনিধি ও তাদের মালিকদের সঙ্গে আলোচনার করতে চেয়েছে কুয়েত সরকার। এজন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে বাংলাদেশী শ্রমিক প্রতিনিধি এবং তাদের নিয়োগদাতাদের নামের তালিকা চাওয়া হয়েছে।
কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের সমস্যা নিরসনের পদক্ষেপ নিতে সোমবার দেশটির সরকারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আবদুল্লাতিফ আলী আল-মাওয়াশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
স
bdnews24