ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত যন্ত্রপাতি কেনার পাশাপাশি স্বেচ্ছাসেবক তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো। স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার জন্য সরকারের কাছে ১১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যুরোর মহাপরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী।
তিনি বলেন, "ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য আমরা ৩৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনার কাজ শুরু করেছি। এরই মধ্যে কিছু দেশে এসেছে, বাকিটা সেপ্টেম্বরের মধ্যে চলে আসবে। এছাড়া শিগগিরই আরো ৫৪ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। সেনাবাহিনী, দমকল ও সিটি করপোরেশনের কাছে এসব যন্ত্রপাতি ভাগ করে দেওয়া হবে।"
ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক প্রকল্পের আওতায় দেশে এখন ৪৮ হাজার স্বেচ্ছাসেবক আছে জানিয়ে তিনি বলেন, "ভূমিকম্প পরবর্তী কার্যক্রমের জন্য একইভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ নগর এলাকাতে স্বেচ্ছাসেবক তৈরির কথা ভাবা হচ্ছে।"
এ ব্যাপারে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক আবু সাদেক বলেন, "আমরা ৬৪ জেলায় স্বেচ্ছাসেবক বাহিনী করার জন্য ১১ কোটি টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।"
দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ব্যুরোর মহাপরিচালক বলেন, "এমন আইন থাকলে দুর্যোগ মোকাবিলা সহজ হতো।"
শনিবার মধ্যরাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প হয়।
সংবাদ সম্মেলনে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের উপ পরিচালক রিশাদ মো. একরাম আলী বলেন, "সাধারণত ১২০ থেকে ১৩০ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয়। ভারতের মেঘালয়ের ডাউকিতে ১৮৯৭ সালে বড় ভূমিকম্প হয়েছিল। সেখানে এখনো ভূমিকম্প ঝুঁকি রয়েছে। ডাউকিতে আট মাত্রার ভূমিকম্প হলে বাংলাদেশে ব্যাপক ক্ষতি হতে পারে। এছাড়া বাংলাদেশের পাশে ত্রিপুরা জোনেও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকি রয়েছে।"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক ও ইউএনডিপির ভূমিকম্প ও সুনামি প্রস্তুতির জাতীয় বিশেষজ্ঞ এ এস এম মাকসুদ কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/এমএইচবি/২১১৭ ঘ.
bdnews24