ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দানকারী ও তথ্য গোপনকারী প্রার্থীদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
শামসিল আরেফীন নামে ঢাকা বারের এক আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
রিটটির ওপর শুনানিতে শামসিল আরেফীনের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, "পৌরসভা ও সিটি করপোরেশন আইনের ৯ (৩) ধারা অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের আয়-ব্যয়, ঋণ আছে কিনা, কোনো ফৌজদারি মামলায় সাজা পেয়েছে কিনা, সিটি করপোরেশন বা পৌরসভার কাছে দেনা আছে কিনা, জাতীয় সংসদ বা স্থানীয় নির্বাচনে আগে নির্বাচিত হয়েছেন কিনা, চাকরিচ্যুত কিনা বা চাকরি করছেন কিনা এবং তহবিল তসরুপ করেছেন কিনা- তার তথ্য মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।"
তিনি আরো বলেন, "এ নির্বাচনে প্রার্থীদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব দেখে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তিনি হতাশ। কিন্তু তিনি কেবল হতাশা প্রকাশ করলে হবে না, আইন অনুযায়ী তিনি ব্যবস্থা নিতে বাধ্য।"
গত ২৪ জুলাই শামসিল আরেফীন হাইকোর্টে রিটটি করেছিলেন।
গত ২০ জুন চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৪ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৩০ ঘ.
bdnews24