কিশোরগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের সীমান্তবর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় সোমবার রাতে টহল পুলিশের কাছ থেকে একটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা পুলিশ এবং র্যাব-৯ এর যৌথ অভিযানে মঙ্গলবার দুপুর পর্যন্ত চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা মহিষার কান্দা গ্রামের আলাল (৫৫), বকুল (৫০), আল আমিন (২০), বাদল (৩৫) ও ফাইজুল (৪৫)।
এ ঘটনায় কর্তব্যে অবহেলা অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এরা হলেন- উপ পরিদর্শক আবদুল হান্নান, কনস্টেবল নিরঞ্জন, আবদুল গফুর ও আবদুল মান্নান।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গফরগাঁও থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবর্তী ব্রহ্মপুত্র নদের খুরশীদমহল সেতু এলাকায় একদল দুর্বৃত্ত গফরগাঁও থানা পুলিশের একটি টহল দলের ওপর হামলা চালায়। তারা দলের চার পুলিশ সদস্যের কাছ থেকে একটি শর্টগান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।
হামলায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল নিরঞ্জনকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমির হোসেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, র্যাবের-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী আশরাফ ভুঞা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত চার রাউন্ড গুলি উদ্ধার ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24