২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সিনেমার কায়দায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

সাভার এলাকায় সোমবার বিকেলে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 'চার লাখ' টাকা নিয়ে গেছে। ছিনতাইকারীরা একটি গাড়িতে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসায়ীর গাড়িটি থামাতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে টাকা-পয়সা লুটে নিয়ে সিনেমার কায়দায় গুলি করে ব্যবসায়ীর গাড়ির চাকা ফাটিয়ে চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার এলাকায় সোমবার বিকেলে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর গাড়ি থামিয়ে 'চার লাখ' টাকা নিয়ে গেছে। ছিনতাইকারীরা একটি গাড়িতে এসে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসায়ীর গাড়িটি থামাতে বাধ্য করে। এরপর অস্ত্রের মুখে টাকা-পয়সা লুটে নিয়ে সিনেমার কায়দায় গুলি করে ব্যবসায়ীর গাড়ির চাকা ফাটিয়ে চলে যায়। পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি গাবতলীর কাছে আটক করলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। গাড়ি ভেতর থেকে দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে সাভারের ভাকুর্তা এলাকায় জমি বিক্রি করে চার লাখ টাকা নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সাদা গাড়ি তার গাড়িকে ব্যারিকেড দেয়। ওই গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে অস্ত্র বের করে তাকে ও চালককে জিম্মি করে ব্যাগে থাকা চার লাখ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়। তিনি জানান, ছিনতাইকারীরা এসময় তার গাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি করে। এতে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। ছিনতাইকারীরা ঢাকার দিকে রওনা হলে তাদের সঙ্গে থাকা আরেকটি গাড়ি ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে গাবতলীর কাছে মিরপুর থানা পুলিশ ছিনতাইকারীদের গাড়িটি আটক করে। মিরপুর থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমরা ছিনতাইকারীদের গাড়িটি আটক করলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। ওই গাড়ির ভেতর থেকে ব্যাগ ভর্তি দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, গাড়ির ভেতর পয়েন্ট টুটু বোরের দুই রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা পাওয়া যায়। এ ব্যাপারে সাভার থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই। তবে ঘটনাটি আমি খতিয়ে দেখব।" জমির ক্রয়কারী হাজী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি বিক্রির আনুষ্ঠানিকতা শেষে তিনি নুরুল ইসলামকে টাকা দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমইউএ/এমএইচবি/২৩২৯ ঘ.