গাজীপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মহাজোটে ছিল, মহাজোটে আছে, আগামীতে মহাজোটই সরকার গঠন করবে। কালো টাকা ও থাবা থেকে আগামী সংসদকে মুক্ত রাখতে হবে।
তিনি বলেন, "আগামীতে কিভাবে আমরা একটি ভাল সংসদ পেতে পারি সে ব্যাপারে সবাইকে চিন্তাভাবনা করতে হবে।"
সোমবার গাজীপুর শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এরশাদ এ কথা বলেন।
তিনি বলেন, "একজনের হাতে সকল ক্ষমতা রেখে কোন সরকারই ভালভাবে চলতে পারে না।"
এরশাদ বলেন, "আগামী নির্বাচনে যোগ্য ও সৎ মানুষ দেখে ভোট দিতে হবে। শুধু দলীয় প্রতীক দেখে ভোট দিলে চলবে না। নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপি যেই দলেরই প্রার্থী হোক সবাইকে নির্বাচন কমিশনের কাছে সম্পদের হিসাব দিতে হবে। দেশের মানুষ যাচাই করবে কারা ভাল মানুষ সৎ ও যোগ্য প্রার্থী।"
তিনি বলেন, "আমরা রাজনীতিকরা পাঁচ বছর দেশ চালাতে পারি। কিন্তু (তত্ত্বাবধায়ক সরকারের) তিন মাসের মধ্যে নির্বাচন করতে পারি না। এটা ঠিক নয়। আমরা প্রমাণ করতে চাই-রাজনীতিকরাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।"
দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন- মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, সৈয়দ আবু হোসেন বাবলা, আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24