ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানে অনুষ্ঠিতব্য পঞ্চদশ জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর মন্ত্রিপর্যায়ের সম্মেলনে অংশ নিতে কৃষি উপদেষ্টা সি এস করিম সোমবার তেহরান যাচ্ছেন।
আগামী ২৯ জুলাই ইরানের রাজধানী তেহরানে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে।
সম্মেলনে বাংলাদেশসহ ১১৮টি সদস্য দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের মোট জনসংখ্যার ৫৫ শতাংশ মানুষ ন্যামভুক্ত দেশগুলোতে বাস করে।
বিশ্বের দুই প্রধান শক্তির নেতৃত্বাধীন জোটের বাইরে থেকে আন্তর্জাতিক শান্তি ও উন্নয়ন খোঁজার লক্ষ্য নিয়ে ১৯৬১ সালে প্রথম সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। সাবেক যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ওই সম্মেলন হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২০২৪ঘ.
bdnews24