দিনাজপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীরা যেন শুদ্ধ উচ্চারণ ও সুরে জাতীয় সংগীত গাইতে পারে সেজন্য কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুরের একটি সাংস্কৃতিক সংগঠন।
'শুদ্ধ উচ্চারণে ও সঠিক সুরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম সঞ্চারিত হোক'- এ স্লোগান সামনে রেখে মণিমেলা নামের একটি সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচি হাতে নিয়েছে।
গত শনিবার দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখানোর মধ্যে দিয়ে সংগঠনটি কর্মসূচির সূচনা করেছে। পর্যায়ক্রমে শহরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংগীত শেখাবে সংগঠনটি। এছাড়া গ্রামাঞ্চলের শিক্ষার্থীদেরও শেখাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মণিমেলার পরিচালক রবীন্দ্র সংগীত শিল্পী নুরুল মতিন সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংগীত শুদ্ধভাবে সমসুরে গাইতে না পারা জাতির জন্য লজ্জাকর। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত তাচ্ছিল্যের সঙ্গে গাইতে দেখেছি। যেন গাইতে হবে তাই গাওয়া।"
শিক্ষকদের দায়িত্বহীন ভূমিকাও তাকে এ বিষয়ে কাজ করতে আগ্রহী করে তুলেছে বলে তিনি জানান।
সৈকত বলেন, "আমার সন্তানও এ বেড়াজালে আবদ্ধ। এটা কখনই মেনে নেওয়া যায় না। সে কারণেই আমরা এই উদ্যোগ নিয়েছি।"
তিনি জানান, সমর্থন পেলে গ্রাম-গঞ্জের স্কুলেও তারা এ কর্মসূচি নিয়ে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24