২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পড়াদের স্থায়ী করার বিরুদ্ধে হাইকোর্টেরই ১৯ বিচারপতি

জোট সরকারের সময়ে বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগ করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এবার আপিলের আবেদন (লিভ টু আপিল) করেছেন হাইকোর্টেরই ১৯ বিচারপতি। আবেদনে বলা হয়েছে, এ রায়ের ফলে বর্তমানে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সময়ে বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগ করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এবার আপিলের আবেদন (লিভ টু আপিল) করেছেন হাইকোর্টেরই ১৯ বিচারপতি। আবেদনে বলা হয়েছে, এ রায়ের ফলে বর্তমানে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে। আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিনের আদালতে রোববার ১৯ বিচারপতি আপিলের আবেদন করেন। আদালত আগামী মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন। এর আগে গত ২৪ জুলাই এ রায় স্থগিতের জন্য আপিলের আবেদন করে সরকারপক্ষ। আশরাফুজ্জামান নামে একজন আইনজীবীও আপিলের আবেদন করেছেন। এ দু'টি আবেদনের ওপরও মঙ্গলবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। হাইকোর্ট গত ১৭ জুলাই বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাদ পরা ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেয়। এ ১০ বিচারপতি হলেন- আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিম। রায়ে ১০ বিচারপতিকে তাদের হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। আদালত বলেছে, তাদের বাদ পরার পর থেকে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য হবে। রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনকারী ১৯ বিচারপতি হলেন- সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মীর হাসমত আলী, বিচারপতি আবদুল আওয়াল, শরীফউদ্দিন চাকলদার, বিচারপতি মো. মিজানুর রহমান ভুইঞা, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি মো. আবু তারিক, বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি মো. রইসউদ্দিন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি এস এম এমদাদুল হক। তাদের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানিতে চেম্বার জজ আদালতে সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান বলেন, "২০০৩ সালে তৎকালীন সরকার ১০ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেয়নি। এর বিরুদ্ধে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ তাদের স্থায়ী বিচারক করতে বলেছে। তাদের জ্যেষ্ঠতাও দিয়েছে হাইকোর্ট। এ রায়ের ফলে বর্তমানে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা ক্ষতিগ্রস্ত হবে।" ১৯ বিচারপতির আবেদনে বলা হয়েছে, রিটে তাদের পক্ষভুক্ত করা হয়নি। তাদের পক্ষে বক্তব্য না শুনে রায় দেওয়ায় ন্যায়বিচারের স্বাভাবিক নীতির পরিপন্থী কাজ হয়েছে। আবেদনে বলা হয়, 'এ রায়ে সংবিধানের ব্যাখ্যা জড়িত। রায়ের ফলে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে। তাছাড়া বাদ পরা ১০ বিচারপতি তাদের নিয়োগের জন্য রিট আবেদন করতে পারেন না। হাইকোর্টও বলতে পারে না যে, প্রধান বিচারপতির সুপারিশ সত্ত্বেও তাদের নিয়োগ না দেওয়া সঠিক হয়নি। কারণ সংবিধানের চতুর্থ সংশোধনীতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিচারপতি নিয়োগের বিধান বাদ দেওয়া হয়েছিল। এখন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ মানা বাধ্যতামূলক নয়।' স্থায়ী নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি বিচারপতি আব্দুস সালাম ও বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের পক্ষে রিট করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ মে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে। পরে অন্য বিচারপতিদের পক্ষে অ্যাডভোকেট আবদুল আওয়াল আরেকটি রিট আবেদন করলে হাইকোর্ট একই রুল জারি করে। বিচারপতি আব্দুস সালাম ও মমতাজ উদ্দিন আহমেদ ১৯৯৯ সালের ২৪ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর আবার তাদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়। এরপর ২০০২ সালের ২২ অক্টোবর তাদের বাদ দেওয়া হয়। বিচারপতি সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী ও আবদুল হাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্র"য়ারি। এরপর ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি তাদের বাদ দেওয়া হয়। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও নিজামুল হক নাসিম অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। তাদের বাদ দেওয়া হয় ২০০৩ সালের ৩ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২২২৩ ঘ.