২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে রোববারও মৃদু ভূমিকম্প চিহ্নিত, বিশেষজ্ঞদের ভিন্নমত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আর্থ অবজারভেটরি'-তে ক্যাম্পাস এলাকায় রোববার সকালে মৃদু ভূমিকম্প হয়েছে বলে ধরা পড়েছে। তবে কেন্দ্রীয় আবহাওয়াবিদরা 'স্বীকৃত' সংস্থা নয় বলে এর পর্যবেক্ষণকে গুরুত্ব দেননি। (মন্তব্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'আর্থ অবজারভেটরি'-তে ক্যাম্পাস এলাকায় রোববার সকালে মৃদু ভূমিকম্প হয়েছে বলে ধরা পড়েছে। তবে কেন্দ্রীয় আবহাওয়াবিদরা 'স্বীকৃত' সংস্থা নয় বলে এর পর্যবেক্ষণকে গুরুত্ব দেননি। আর্থ অবজারভেটরি'র তত্ত্বাবধায়ক ও ভূতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সকাল ১০টা ৩০ মিনিট ১২ সেকেন্ডে বিশ্ববিদ্যালয় এলাকার ৫ কিলোমিটারের মধ্যে রিখটার স্কেলে ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।'' আর্থ অবজারভেটরি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে অবস্থিত। অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ''টাঙ্গাইলের মধুপুরে ভূগর্ভস্থ চ্যুতি সক্রিয় হয়ে ওঠায় এ ধরনের মাঝারি ভূমিকম্প হচ্ছে। এ এলাকার উত্তর-দক্ষিণে ১০০ কিলোমিটার চ্যুতি রয়েছে। এ ফলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।'' এর আগে শনিবার দিবাগত রাত ১২টা ৫২ মিনিটের দিকে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়। তবে রোববার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোনো ধরনের ভূ-কম্পন রেকর্ড করেনি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী আবহাওয়াবিদ বজলুর রশীদ। আবহাওয়া অধিদফতরের মূখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি স্বীকৃত কোন সংস্থা নয়। তাই এদের পর্যবেক্ষণে কি পাওয়া গেল তা মূখ্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এসকে/১৮৩৬ঘ.