সাতক্ষীরা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার মাধবকাঠীতে যশোর-সাতক্ষীরা সড়কে শনিবার রাতে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকসহ দু'জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহ হেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে মাধবকাঠিতে দু'টি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের মধ্যে একটি বাসের চালক সিরাজ ও যাত্রী সদর উপজেলায় ঘোনা গ্রামের কচিমুদ্দিন (৪০) হাসপাতালে মারা যান।
আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা আহতদের মধ্যে বাসচালক রশিদ (৩৫), যাত্রী মনিরুল (৪৫), ইয়াকুব আলী (৫০), ফরিদার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২৩০৮ ঘ.
bdnews24