রাজশাহী, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শহরে নাগরিক সুবিধা নিশ্চিত করতে নগর সরকার ব্যবস্থাসহ ১৩ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার সকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে 'নগর সরকার: নাগরিক ভাবনা' শীর্ষক সংলাপে বক্তারা এ দাবি জানান।
বেসরকারি সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, জাতীয় আদিবাসী পরিষদ ও বরেন্দ্র উন্নয়ন ফোরাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংলাপ আয়োজন করে।
বক্তারা বলেন, সিটি করপোরেশনকে হতে হবে নগরীর উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সিটি করপোরেশন এলাকার জন্য থাকবে একটি মাস্টার প্ল্যান, আইটি পল্লী, সমন্বিত নগর পরিবহন ব্যবস্থা, দরিদ্র রিকশা ও ভ্যান চালকদের স্বল্পমূল্যে রাত কাটানোর জন্য সেন্টার, পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্রসহ নাগরিক সুবিধাপ্রাপ্তির বিভিন্ন ব্যবস্থা। এছাড়া, স্বাস্থ্য, পানি ও সড়ক যোগাযোগ পরিসেবা, বিদ্যূৎ, শিক্ষা ও আইন শৃঙ্খলা অধিদপ্তগুলোর মধ্যে কাজের সমন্বয় করে কার্যকর নগর সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বার্তা সম্পাদক হাসান মিল্লাতের সঞ্চালনায় সংলাপে মূলপ্রবন্ধ পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহ্ আজম শান্তুনু।
আলোচনায় অংশ নেন রাবির অধ্যাপক গোলাম সাব্বির তাপু, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যনার্সের যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার মাহামুদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সদস্য ফজলে রেজা সুমন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
মেয়র প্রার্থীদের মধ্যে মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান ও রুহুল কুদ্দুস টুনু বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২৩৩ ঘ.
bdnews24