ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত শামসুল হক কমিশনের সুপারিশমালা পর্যালোচনা করেছে প্রশাসনিক সংস্কার বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের ৩০ টি অন্তর্বর্তীকালীন সুপারিশের অধিকাংশই বাস্তবায়ন হয়েছে এবং কিছু সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা এ এম এম শওকত আলী বৈঠক শেষে এসব তথ্য জানান।
শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শওকত আলী বলেন, " আজকের বৈঠকে প্রশাসন সংস্কার কমিশনের অন্তর্বর্তীকালীন ৩০ টি সুপারিশের পর্যালোচনা এবং এর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা গেছে এর অধিকাংশ সুপারিশই বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলাসহ বেশ কয়েকটি খাতের সুপারিশগুলোর বাস্তবায়ন চলমান প্রক্রিয়ায় রয়েছে। তা পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে।"
তিনি আরো জানান, কমিশনের স্বল্প ও দীর্ঘমেয়াদী সুপারিশ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।
১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সাবেক সচিব শামসুল হকের নেতৃত্বে ১৩ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। ২০০০ সালের ২৫ জুন কমিশন তাদের প্রতিবেদন ও সুপারিশমালা সরকারের কাছে জমা দেয়।
তিন খণ্ডে প্রণীত কমিশনের প্রতিবেদনে ৩০ টি অন্তর্বর্তীকালীন সুপারিশ এবং ৭০ টি স্বল্পমেয়াদী ও ৩৭ টি দীর্ঘমেয়াদী সুপারিশ করা হয়।
অন্তর্বর্তীকালীন সুপারিশগুলোর মধ্যে রয়েছে: ভূমি প্রশাসন ব্যবস্থার আধুনিকায়ন, বিভিন্ন সরকারি সংগঠনের জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা, ন্যায়পাল নিয়োগ, কার্যকর দুর্নীতি দমন কমিশন গঠন; উপযোগ বিল (গ্যাস, পানি, বিদ্যুৎ ইত্যাদি) একই স্থানে পরিশোধ করার পদ্ধতি চালু, সরকারি চাকরিতে ক্রমান্বয়ে কোটা পদ্ধতির বিলুপ্তি এবং সংস্কার কর্মসূচী বাস্তবায়নে একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা।
এসব সুপারিশের মধ্যে আইন প্রণয়ন হয়ে গেলেও এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ হয়নি। স
bdnews24