কক্সবাজার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-চট্টগ্রাম সড়কের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় শনিবার সকালে বাস চাপায় মোটর সাইকেল আরোহী ঢাকার ওয়ারী এলাকার দুই তরুণ নিহত হয়েছেন।
এরা হলেন- ওয়ারী এলাকার মনজুরুল হকের ছেলে জাকির হোসেন (২২) ও ৭৮/১ বিসিসি রোডের বাসিন্দা শাওন (২৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে পাঁচ বন্ধু গত ২৪ জুলাই কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার কক্সবাজার থেকে দুই বন্ধু মোটর সাইকেলে (ঢাকা মেট্রো-ল-১৪-০৪৫৫) ও অপর তিন বন্ধু বাসে করে ঢাকায় ফিরছিলেন।
সকাল ১১টায় চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকা পৌঁছানোর পর মোটর সাইকেলটিকে চাপা দেয় এস আলম পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ড-১১-৫৫০)। এতে ঘটনাস্থলেই জাকির ও শাওন মারা যান।
তিনি জানান, লাশ হারবাং পুলিশ ফাঁড়িতে রয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24