কক্সবাজার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে শনিবার দুপুরে জোয়ারের টানে ভেসে গেছে চট্টগ্রামের তিন ছাত্র।
এরা হলেন- চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও নগরীর কাজীর দেউরি এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে রুবায়েদ হাসান রুশদী (২৫), চট্টগ্রাম সানশাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ফলপ্রার্থী সাতকানিয়া এলাকার নাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান শাওন (২১), একই কলেজের ছাত্র নগরীর আশকার দীঘি এলাকার বিকাশ দাশের ছেলে রুবেল দাশ (২২)।
এছাড়া দু'জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরা হলেন- চট্টগ্রাম জিইসি মোড় এলাকার এস এম কামাল উদ্দিনের ছেলে এস এম তানভির উদ্দিন ও আগ্রাবাদ এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহরাব মাহবুব।
এদের মধ্যে তানভির উদ্দিনকে ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিখোঁজ ছাত্রদের বন্ধু মালয়েশিয়া ফেরত হিমু ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের (বিবিএ) দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ১১ বন্ধু শুক্রবার দুপুরে কক্সবাজার আসেন এবং হোটেল ডেফোডিলে রাত্রিবাস করে আজ (শনিবার) সকালে ১১টার দিকে হানিমুন রিসোর্টে উঠেন। ওখান থেকে তাদের সাত বন্ধু সমুদ্র সৈকতে গোসল করতে যায়। ওখানেই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ডেইলি ইন্ডিপেন্ডেন্টের চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক দিদারুল আলম বলেন, "জোয়ারের সময় তারা তীর থেকে অনেক দূরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।"
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন জানান, বেলা ১১টার দিকে সাত বন্ধু সাগরে গোসল করতে নামে। এদের মধ্যে পাঁচজন দুপুর ১২টার দিকে ঢেউয়ের তোড়ে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, "সাগরে উদ্ধার তৎপরতা চালানোর মতো প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জাম কক্সবাজারে নেই।"
কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোয়ার শুরু হলে সাতজন সাগরে ভেসে যায়। সৈকতে উপস্থিত লোকজনের সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের পাওয়া যায়নি।"
তিনি বলেন, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বনজ কুমার জানান, জোয়ারের সময় সাগর উত্তাল থাকায় নিখোঁজ তিনজনকে উদ্ধার করতে দেরি হচ্ছে। নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।
তিনি জানান, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তারা ১১ জন একত্রে কক্সবাজারে বেড়াতে আসে। শনিবার বিকেলেই তাদের ফিরে যাওয়ার কথা ছিল।
সৈকতে দায়িত্বরত বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল বলেন, "লাইফ গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তিন ছাত্র সাগরে হারিয়ে যায়। দু'জন কোন রকমে সাঁতরে কুলে উঠে আসতে পেরেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24