নাটোর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারের উদ্দেশে বলেছেন, খালেদা মুক্ত হলে সরকারের কারও ওপর প্রতিশোধ নেবেন না।
সরকার সংস্কারের নামে দল ভাঙছে বলেও অভিযোগ করেন তিনি। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে দুর্নীতি দমনে জামায়াতের কাছে শিক্ষা নেওয়ার আহ্বান জানান মুজাহিদ।
শুক্রবার নাটোর জেলা পরিষদ মিলনায়তনে দলের এক সমাবেশে বক্তব্য রাখেন আলী আহসান মুজাহিদ।
অবিলম্বে খালেদার মুক্তি দাবি করে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের ভয় নেই। খালেদা জিয়া বেরিয়ে এসে আপনাদের ওপর প্রতিশোধ নেবেন না। তিনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না।"
খালেদা জিয়াকে ছাড়া দেশ বাঁচানো যাবে না- এ দাবি করে আলী আহসান মুজাহিদ বলেন, "খালেদার নেতৃত্বাধীন চারদলীয় জোটে অনেক পীর-মাশায়েক রয়েছেন। তারা ছাড়া দেশে শান্তি আসবে না।"
নিজামীকে গ্রেপ্তারের সমালোচনা করে মুজাহিদ বলেন, "আপনারা দরবেশের মত মানুষ মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করেছেন। অথচ জীবনে একটি টাকাও দুর্নীতি করেননি। মন্ত্রী হয়ে দেশের সেবা করেছেন।"
গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন নিজামী। তবে পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ছাড়া পান তিনি। তার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি সংক্রান্ত দুর্নীতির আরেকটি মামলাও রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, "দুর্নীতি দমন কমিশন-দুদকের জ
bdnews24