নোয়াখালী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের এক ছাত্র নিহত হওয়ার গুজবের জের ধরে বৃহস্পতিবার রাতে ছাত্র-পুলিশ সংঘর্ষে কয়েকজন কর্মকর্তা, ছাত্র ও পুলিশ সদস্যসহ ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশ ১৬৫ রাউন্ডের বেশি ফাঁকা গুলি ও তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়েছে। শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৮জনকে। পুলিশের ওপর হামলার অভিযোগে ৪৯ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় ৮ আগষ্ট পর্যন্ত ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের পিটুনিতে ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা কৃষি অধিদপ্তরের নির্বাহী পরিচালক রবীন্দ্র কুমার মজুমদার ছাড়াও ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাকটর রাম কৃষ্ণ পাল, হোষ্টেল সুপার মো. হাসান, ইনস্টিটিউট মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাউয়ুম আহত হয়েছেন।
আহত ছাত্ররা হলেন- আসিফ, ফারুক, উজ্জল, সোহেল, নুরনবী, আবু সায়েম, মো. ইউসুফ, ফিরোজ।
প্রত্যক্ষদর্শী ছাত্র মাহদী হাসান ও ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল রশিদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চৌমুহনী মাইজদী সড়কে ম্যাক্সির ধাক্কায় আহত হন বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিষ্টারের ছাত্র রাসেল (২০)।
কিন্তু রাসেল মারা গেছেন বলে ক্যাম্পাসে খবর পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনের চৌমুহনী-মাইজদী সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর করতে থাকে। বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে।
শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। বেগমগঞ্জ থানা থেকে আরও পুলিশ পাঠানে হয়। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নোয়াখালী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।
দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে ছাত্ররা হোস্টেলের ছাদে উঠে পুলিশকে লক্ষ্য করে ইট এবং চেয়ার টেবিল ছুড়তে থাকে। পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রশিদ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ ক্যাম্পাসে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। রাতে সংঘর্ষ খবর শুনে ক্যাম্পাসে যান এবং ছাত্রদের নিবৃত্ত করতে তাকে সুযোগ দেওয়ার জন্য তিনি বারবার বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজারুল মান্নান এবং পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেন।
তিনি বলেন, "উল্টো ছাত্রদের লক্ষ্য করে পুলিশ বৃষ্টির মত শত শত রাউন্ড গুলি করেছে। গেষ্ট রুমে ঢুকে তারা নির্বাহী পরিচালককে এবং প্রশিক্ষণে আসা ৫ উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারাধর ও আসবাবপত্র ভাঙচুর করেছে।"
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম অধ্যক্ষের এই অভিযোগ অস্বীকার করে বলেন, "সংঘর্ষ চলাকালে ১৬২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে। এর বেশি নয়।" তিনি গেস্ট রুমে ঢুকে কৃষি অধিদপ্তরের নির্বাহী পরিচালক কিংবা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিংবা কোন শিক্ষককে পেটানো হয়নি বলে দাবি করেন।
তিনি বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুধু লাঠিচার্জ করেছে।"
অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত আড়াইটার দিকে ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাকটর রাম কৃষ্ণ পাল, হোষ্টেলের সুপার মো. হাসান ও শিক্ষার্থী মাহদী হাসানের সঙ্গে তিনি বৈঠক করেন। প্রায় এক ঘণ্টার এই সমঝোতা বৈঠকে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে সংঘর্ষ চলাকালে পুলিশ ছাত্রসহ ২০জনকে আটক করে সুধারাম থানায় নিয়ে যায়। প্রশিক্ষণ নিতে আসা ৫ উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। বিকালে আবার অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহদী হাসান, ইউসুফ, হাসান পাঠান, রেজাউল করিম শিশির ও জুনায়েদ হোসেন খোকন, ইকবাল হোসেন, সালাহ উদ্দীন, মফিজুর রহমান, ফয়সল মান্নান, বিদ্যুৎ চন্দ্র ভৌমিক, নজরুল ইসলাম, শ্রীকান্ত দাস, আলাউদ্দীন, ওলি উল্যা, মাহবুব আলম, আফজাল হোসেন, কাজী ইউসুফ, মোস্তাক আহম্মদ।
সংঘর্ষের ঘটনায় শুক্রবার সকালে কৃষি অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ ও নোয়াখালী কৃষি স
bdnews24