২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

রাজধানীর শ্যামপুরে শুক্রবার ভোরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলেন- শাওন (২৮) ও আব্দুর রহিম (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে শুক্রবার ভোরে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতরা হলেন- শাওন (২৮) ও আব্দুর রহিম (২৫)। শ্যামপুর থানার উপ-পরিদর্শক শাহজালাল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে শ্যামপুরের গোসাইডাঙ্গী নদীরপাড় নতুন রাস্তায় চার ছিনতাইকারী এক রিকশাআরোহী মহিলার গতিরোধ করে। মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চার ছিনতাইকারী দৌঁড়ে শশ্মানঘাট এলাকায় আশ্রয় নেয়। জনতা তাদের ধরে বেদম পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল জনতার হাত থেকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে এক ঘণ্টার ব্যাবধানে শাওন ও রহিমের মৃত্যু হয়। নিহত শাওন শ্যামপুরের আরসিনগেট এলাকার সৌদিআরব প্রবাসী নাসিরউদ্দিনের ছেলে। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জে। দুই ভাই এক বোনের মধ্যে শাওন দ্বিতীয়। খালু রহুল আমিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ সনাক্ত করেন। রহিম শ্যামপুর গোশাইবাড়ি শ্মশানঘাটে একটি রট আয়রনের আসবাব তৈরির দোকানে কাজ করতেন। সে পোস্তগোলার তোলারবাগিচা এলাকার হাবীব হাওলাদারের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে রহিম দ্বিতীয়। বড় বোন রাবেয়া বেগম তার লাশ সনাক্ত করেন। শুকুর (২৮) ও ইমরান (২৫) নামে অপর দুই ছিনতাইকারী পুলিশ প্রহরায় হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় উপ-পরিদর্শক মোজ্জামেল হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২০৫৬ ঘ.