চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের দুই কনস্টবলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশের স্পেশাল ফোর্সের দুই কনস্টবল মো. সাজ্জাদ ও মো. মোস্তফাক। সাদা পোশাকে ছিনতাই করার সময় জনতা তাদের আটক করে পিটুনি দেয় এবং পরে কোতোয়ালী থানায় সোপর্দ করে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, নগরীর রেয়াজুদ্দিনবাজার এলাকার কাগজের দোকান রয়েল ট্রেডিংয়ের অংশীদার সাব্বির আহমেদ দুপুরে খাতুনগঞ্জের বিভিন্ন দোকান থেকে বকেয়া প্রায় সোয়া লাখ টাকা আদায় করে রিকশায় দোকানে ফিরছিলেন। শহীদ মিনার এলাকায় ওই দুই পুলিশ সদস্য সাব্বিরের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরে ফেলে।
কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রয়েল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি জসীম উদ্দিন তালুকদার সাংবাদিকদের জানান, দুপুর আড়াইটার দিকে শহীদ মিনারের সামনে কাগজ ব্যবসায়ী সাব্বিরের রিকশার গতিরোধ করে তিনজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তোলার চেষ্টা করে।
এ সময় তারা সাব্বিরের টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে দুইজনকে ধরে ফেলে। অপর জন পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24