ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ভিসা (ম্যারেজ ভিসা) পাওয়ার ক্ষেত্রে জোর করে (ফোর্সড) বিয়ের প্রবণতা কমাতে বিয়ের সর্বনিম্ন বয়েসসীমা বাড়ানো হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী ম্যারেজ ভিসা পাওয়ার জন্য ছেলে বা মেয়ের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। আগে এক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ছিল ১৮ বছর।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নতুন এ নীতি ঘোষণা করেছে বলে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, সরকারের ফোর্সড ম্যারেজ ইউনিটের তদন্তে জানা গেছে যুক্তরাজ্যে এ ধরনের ভিসা পেতে বিয়ের ৩০ শতাংশ ঘটনায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়াদের বয়স ১৮ থেকে ২১ বছর। বিদেশি পাত্র-পাত্রীর সঙ্গে বিয়ের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের এই ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখতে ফোর্সড ম্যারেজ ইউনিট বছরে প্রায় পাঁচ হাজার বিয়ের ঘটনার অনুসন্ধান ও চারশ মামলার তদন্ত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, 'জোর করে বিয়ের কারণে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে কারাভোগ বা ধর্ষণের ঘটনাও ঘটে। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। এ কারণে আমরা বয়সসীমা বাড়িয়েছি।'
নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাজ্যের নাগরিককে কোনো বিদেশি বিয়ে করে ভিসা চাইলে তাকে অবশ্যই ইংরেজি ভাষা জানতে হবে। এছাড়া যুক্তরাজ্যের কেউ বিদেশি বিয়ে করতে চাইলে আগে কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24