২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননা অধ্যাদেশ বাতিল করেছে হাইকোর্ট

বর্তমান সরকারের নতুন আদালত অবমাননা অধ্যাদেশ সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের নতুন আদালত অবমাননা অধ্যাদেশ সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। (আরো তথ্যসহ) এ নিয়ে উচ্চ আদালত বর্তমান সরকারের জারি করা পৃথক দুটি অধ্যাদেশ বাতিল করল। এর আগে গত ১৩ জুলাই হাইকোর্টের একই বেঞ্চ মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন অধ্যাদেশ বাতিল করে। তবে হাইকোর্টের বৃহস্পতিবারের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। এই আপিল দায়ের করার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইদ্রিস খান হাইকোর্ট থেকে সনদও নিয়েছেন। বিডিনিউজকে টোয়েন্টিফোরকে ইদ্রিস খান বলেন, "বিষয়টিতে সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে। তাই সরকার আপিল করবে।" রায়ে সন্তোষ প্রকাশ করে রিটকারী অ্যাডভোকেট তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ রায়ে সুপ্রিম কোর্টের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আদালতের সম্মানজনক অবস্থান ফিরে আসবে। অধ্যাদেশটির যে প্রয়োজনীয়তা ছিল না তা রায়ে প্রমাণিত হয়েছে।" গত ২৫ মে ১৯২৬ সালের আদালত অবমাননা আইন বাতিল করে নতুন আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮ প্রণয়ন করা হয়। নতুন জারি করা ওই অধ্যাদেশ কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে ৬ জুলাই হাইকোর্টের এই বেঞ্চ সরকারের প্রতি স্যুয়োমটো রুল জারি করেছিল। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামসুল হক ও তাজুল ইসলামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননা অধ্যাদেশের কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলনিশি জারি করেছিল। দুইটি রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট দুই দিনব্যাপী রায় দেয়। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতাহীন ও জরুরি নয় এমন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না। রায়ে আদালত অবমাননা অধ্যাদেশ জারিকে সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্ত বলে অভিহিত করে এটি বাতিল করা হয়। আদালত বলেছে, অধ্যাদেশ সংবিধানের মূল চেতনা ও বিভিন্ন বিধান ভঙ্গ করেছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা ও সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেসি খর্ব করেছে। সংবিধান-বহির্ভূতভাবে অধ্যাদেশটি জারি করা হয়েছে বলেও অভিমত দেন বিচারক। অধ্যাদেশটি বিচার বিভাগের সহজাত ক্ষমতা ব্যাহত করার প্রয়াস উল্লেখ করে রায়ে বলা হয়, "অধ্যাদেশটি আইনের শ্রেষ্ঠত্ব ও আইনের শাসন লঙ্ঘন করেছে। তাই এটি সাংবিধানিকভাবে অবৈধ। তাই অধ্যাদেশটি অবৈধ ও বাতিল ঘোষণা করা হল।" রায়ের অভিমতে আদালত বলেছে, অধ্যাদেশটি জরুরি প্রয়োজন বা নির্বাচন সংক্রান্ত বলে প্রতীয়মান হয় না। আগের আইন বাতিল করে নতুন এ অধ্যাদেশটি জারি নীতি নির্ধারনী সিদ্ধান্তের মধ্যে পড়ে। তাই অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রায়ে বলা হয়েছে, অধ্যাদেশটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে সমুন্নত করার পরিবর্তে অবনত করেছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত। বিচার প্রার্থী যেন বিচারের রায়ের ফল ভোগ করতে পারে সেজন্য 'আদালত অবমাননা' আইন। রায়ের পর বিচারপ্রার্থী ফল ভোগ করতে না পারলে আইনের শাসন ব্যাহত হবে। আদালত অবমাননা অধ্যাদেশের কয়েকটি ধারার 'অসঙ্গতি' চিহ্নিত করে রায়ে বলা হয়, এ আইন সরকারি কর্মকর্তাদের আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি ও অবসরে গেলে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিধান রাখা হয়েছে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। তাই আদালত অবমাননা আইনের এসব বিধান বৈষম্যমূলক ও আইনের দৃষ্টিতে সমতার বিধানের পরিপন্থী। বিচারের বাইরে বিচারকের ব্যক্তিগত আচরণের সমালোচনা করা যাবে বলে অধ্যাদেশটির বিধানের বিষয়ে রায়ে বলা হয়েছে, বিচারক সমালোচনার ভয়ে ভীত থাকলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে না। তারা বিচারহীনতার শিকার হবে। এই ধারাটি ন্যায়বিচারের পরিপন্থী। রাষ্ট্রপতির আদালত অবমাননার দণ্ড মওকুফের ক্ষমতা নিয়ে আইনের বিধান আলোচনা করে রায়ে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারিদের বিশেষ সুবিধার জন্য এই ধারা রাখা হয়েছে। এতে করেও আইনের দৃষ্টিতে সমতার বিধান ভঙ্গ করা হয়েছে। তাছাড়া জোরালো যুক্তি ছাড়া রাষ্ট্রপতি কারো সাজা মওকুফ করতে পারেন না। রিটকারী পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাহ্উদ্দিন আহমেদ। আদালতের সহায়তাকারী হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ড. শাহদীন মালিক, আজমালুল হোসেন কিউসি, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও ব্যারিস্টার এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৭০০ঘ.