২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে গাড়ির জট কমছে না

আমদানির পর দ্রুত খালাস না করায় চট্টগ্রাম বন্দরে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি আটকে রয়েছে। গাড়ির এই সংখ্যা বন্দরের শেডের ধারণ ক্ষমতার চেয়ে প্রায় সাতশ' বেশি। বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের শেডে গাড়ি রাখার ভাড়া ও জরিমানা বৃদ্ধি করার পরও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

রুহুল আমিন রানা চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানির পর দ্রুত খালাস না করায় চট্টগ্রাম বন্দরে প্রায় সাড়ে তিন হাজার গাড়ি আটকে রয়েছে। গাড়ির এই সংখ্যা বন্দরের শেডের ধারণ ক্ষমতার চেয়ে প্রায় সাতশ' বেশি। বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের শেডে গাড়ি রাখার ভাড়া ও জরিমানা বৃদ্ধি করার পরও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বন্দরের পরিচালক (পরিবহন) লেফটেনেন্ট কর্নেল ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের শেডে দু'হাজার চারশ গাড়ি আটকে ছিল। গত সোমবার একটি জাহাজে করে আরও ১১শ গাড়ি আসার পর বন্দরে ছাড় না করানো গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার। অথচ বন্দরের শেডে একসঙ্গে দু'হাজার আটশ গাড়ি রাখা যায়। তিনি জানান, জুলাই মাসের শেষ সপ্তাহে গাড়িবাহী আরও দুটি জাহাজ বন্দরে ভিড়বে। আমদানিকারকরা তার আগেই গাড়ি ছাড় না করালে এই জট ভয়াবহ আকার ধারণ করবে। ফিরোজ আহমেদ বলেন, "আমদানিকারকরা যাতে দীর্ঘ সময় বন্দরে গাড়ি ফেলে না রাখেন সেজন্য গত মাসের শেষের দিকে শেডে গাড়ি রাখার ভাড়া দ্বিগুণ করা হয়। এরপরও খালাসের হার কম হওয়ায় জরিমানার হার বাড়িয়ে দ্বিগুণ করা হয়। কিন্তু অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি।" পরিচালক বলেন, "বন্দর কর্তৃপক্ষ জরিমানা আদায়ে আগ্রহী নয়। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা চাই আমদানিকারকরা দ্রুত গাড়ি খালাস করে নিয়ে যাক।" বন্দরের উপ-ব্যবস্থাপক (পরিবহন) মোতাহের উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী জাহাজ থেকে নামানোর পর চারদিন পর্যন্ত বিনা মাশুলে বন্দরের শেডে গাড়ি রাখা যায়। চার দিন পেরিয়ে গেলে প্রথম সাতদিন প্রতিদিনের জন্য টনে ৯৮ টাকা করে, পরবর্তী সাতদিন প্রতিদিনের জন্য টনে ১৯৭ টাকা করে এবং ১৪ দিনের পর থেকে প্রতিদিন টনে ৩৯৩ টাকা করে ভাড়া দিতে হয়। এছাড়া নির্ধারিত চার দিন পেরুনোর পর ভাড়ার দ্বিগুণ হারে জরিমানাও দিতে হয় আমদানিকারককে। মোতাহের উদ্দিন বলেন, শেডে ঢোকানোর ৩০ দিনের মধ্যে গাড়ি ছাড় করানো না হলে তা নিলামে তোলার নিয়ম রয়েছে। এতোকিছুর পরও আমদানিকারকরা মাসের পর মাস বন্দরের শেডে গাড়ি ফেলে রাখেন। চট্টগ্রাম শুল্ক ভবনের পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে গত এপ্রিল মাসে ৪৭১৬টি, মে মাসে ৩৭৩৬টি এবং জুন মাসে ৪০০৩ গাড়ি আমদানি হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইমপোর্টারস এন্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) মহাসচিব আব্দুল হামিদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে একশ গাড়ি খালাস করা হচ্ছে। এ হার আগের মাসের তুলনায় কিছুটা কম। তবে গাড়ি ছাড় করানোর ক্ষেত্রে অযথা সময়ক্ষেপণের অভিযোগ ঠিক নয়।" তিনি পাল্টা অভিযোগ করেন, "বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত চারদিনের মধ্যে গাড়ি খালাস প্রক্রিয়া শেষ করতে পারে না। শুল্ক সংক্রান্ত জটিলতা শেষ করতে দেরি হয় বলেই গাড়ি খালাস করতে বিলম্ব হয়।" শেডের ভাড়ার বর্তমান হারকে আমদানিকারক ও ব্যবসায়ীদের ওপর 'এক ধরনের নির্যাতন' আখ্যায়িত করে তা কমানোর দাবি জানান তিনি। "ভাড়া কমানো ও জরিমানা প্রত্যাহারের ব্যাপারে শিগগিরই আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব। কর্তৃপক্ষ দাবি না মানলে গাড়ি আমদানির ক্ষেত্রে বিকল্প চিন্তা করতে বাধ্য হবে বারভিডা।" বলেন বারভিডা মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/এমএইচবি/২২৪৮ ঘ.