২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন আয়ের মানুষের ফ্ল্যাট নির্মাণ শুরুর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

রাজধানীর মীরপুরে নিম্ন আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এছাড়া সাধারণ মানুষের সুবিধার জন্য রাজউকের নিয়ন্ত্রণাধীন সব প্লটের তালিকা তৈরি করে তা ওয়েবসাইটে প্রকাশের আদেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুরে নিম্ন আয়ের মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। এছাড়া সাধারণ মানুষের সুবিধার জন্য রাজউকের নিয়ন্ত্রণাধীন সব প্লটের তালিকা তৈরি করে তা ওয়েবসাইটে প্রকাশের আদেশ দিয়েছেন তিনি। বুধবার নিজের কার্যালয়ে উচ্চ পর্যায়ের দুটি বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশ দেন। পরে তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এসব বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান। ফাহিম মুনয়েম বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা রাজউকের কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা দ্রুততর করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। বৈঠকে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের আবাসন সঙ্কট মেটাতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে মীরপুরে ন্যাশনাল হাউজিংয়ের পাঁচ একর জমিতে নির্মাণ কাজ শুরুর জন্য গণপূর্ত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। ফাহিম মুনয়েম জানান, মীরপুরের ওই জমি ৯৯ বছরের জন্য লিজ দেয়া হবে। ফ্ল্যাট নির্মাণের পর তার মালিক হবেন নিম্ন আয়ের মানুষরা। পরবর্তীতে সাভার ও গাজীপুরসহ ঢাকার আশপাশে এরকম আরও প্রকল্পের কাজ শুরু করা হবে। বৈঠকে রাজউকের নিয়ন্ত্রণাধীন সব প্লটের একটি তালিকা তৈরির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। কাদের নামে কতগুলো প্লট বরাদ্দ হয়েছে, কোনগুলো বরাদ্দ হয়নি- এসব তথ্যও ওই তালিকায় থাকবে। তালিকাটি রাজউকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টা প্রতি মাসে সভা করে রাজউকের কাজের অগ্রগতি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেন। তিনি বলেন, কোনো কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিকে লিখিতভাবে সে তথ্য জানাতে হবে এবং বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রেস সচিব, পূর্ত সচিব, ন্যাশনাল হাউজিং এর চেয়ারম্যান ও রাজউকের চেয়ারম্যান এ দুটি বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমএইচসি/জেকে/এসকে/১৯৪৫ঘ.