২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বুড়িগঙ্গা নদী কর্তৃপক্ষ' গঠন করছে সরকার

রাজধানীর প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত বিপন্ন বুড়িগঙ্গা নদীর নাব্যতা রক্ষা ও এর অব্যাহত দূষণ রোধে 'বুড়িগঙ্গা নদী কর্তৃপক্ষ' নামে একটি সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে রাজধানীর আশেপাশের তিন নদী তুরাগ, বালু ও শীতলক্ষ্যাসহ দেশের অন্য নদ-নদীর নাব্যতা বৃদ্ধিসহ পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত বিপন্ন বুড়িগঙ্গা নদীর নাব্যতা রক্ষা ও এর অব্যাহত দূষণ রোধে 'বুড়িগঙ্গা নদী কর্তৃপক্ষ' নামে একটি সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে রাজধানীর আশেপাশের তিন নদী তুরাগ, বালু ও শীতলক্ষ্যাসহ দেশের অন্য নদ-নদীর নাব্যতা বৃদ্ধিসহ পরিবেশ রক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গঠিত টাস্কফোর্সকে স্থায়ী প্রশাসনিক কাঠামোর আওতায় আনার বিষয়টিও বিবেচনা করছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম এ মতিন বলেন, "সরকার বুড়িগঙ্গাসহ দেশের অন্যান্য নদ-নদীর পানি দূষণ রোধ এবং এগুলোর নাব্যতা রক্ষায় 'বুড়িগঙ্গা নদী কর্তৃপক্ষ' প্রতিষ্ঠার কথা ভাবছে। একই সঙ্গে টাস্কফোর্স-এর জন্য একটি স্থায়ী প্রশাসনিক কাঠামো এবং সচিবালয় গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।" বুধবার সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে উপদেষ্টা এমএ মতিন সাংবাদিকদের এ তথ্য জানান। পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব শেখ মোতাহার হোসেন জানান, ঢাকার চারদিকের নদীপথগুলো নিয়ে একটি বৃত্তাকার নৌপথ গড়ে তোলা হচ্ছে। এ জন্য নদীর নাব্যতা বৃদ্ধি এবং এগুলোর ওপর নির্মিত সেতুগুলোর উচ্চতা বৃদ্ধি করতে হবে। সরকারিভাবে পুরোপুরি সম্ভব না হলে বেসরকারি খননকারীদের দিয়ে নৌপথ খননের উদ্যোগ নেওয়া হবে। এর আগে সভায় জানানো হয়, বুড়িগঙ্গা নদী রক্ষার জন্য ২০০২ সালের অক্টোবরে গঠিত টাস্কফোর্স ৫০টি সুপারিশ সম্বলিত যে সুপারিশমালা পেশ করে তার ৩১টি স্বল্পমেয়াদী সুপারিশের মধ্যে গত পাঁচ বছরে মাত্র ১৫টি বাস্তবায়ন হয়েছে। আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদার জানান, এসব সুপারিশের মধ্যে গেজেট প্রকাশ ও পরিপত্র জারির মতো ১৫টি সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তবে বাস্তব কাজের পদক্ষেপগুলোর সব বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি জানান, এ পর্যন্ত বুড়িগঙ্গার তীরবর্তী ৪৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমীক্ষা ও জরিপের মাধ্যমে নদীর সীমানা নির্ধারণ দখলদারদের বাধার কারণে সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে আইনের সংশোধন করা প্রয়োজন বলে মত দেন তিনি। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ঢাকার জলাবদ্ধতা এবং বুড়িগঙ্গার পানি দূষণের জন্য ওয়াসার পানি নিষ্কাশন পদ্ধতি দায়ী। কারণ ওয়াসার বর্জ্যসহ দুর্গন্ধযুক্ত পানি সরাসরি নদীতে ফেলা হয়। তিনি বলেন, শহরের বিভিন্ন জায়গায় খাল বন্ধ করে এগুলোর ওপর নির্মিত বক্স কালভার্ট পানি নিষ্কাশনের কাজে তেমন লাগছে না। ফলে এখন এগুলো নির্মাণের সিদ্ধান্ত ভুল ছিল বলে বলা হচ্ছে। এ জন্য সরকার বা সাধারণ মানুষের চেয়ে বিদেশি দাতা সংস্থাগুলোর পরামর্শকরা বেশি দায়ী বলে মন্তব্য করেন মেয়র। সভায় আরও উপস্থিত ছিলেন আইন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, নৌ-পরিবহন সচিব শেখ এ কে মোতাহার হোসেন, পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, পরিবেশবিদ ড. আইনুন নিশাত, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ কামালউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৯৩০ঘ.