২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পরিচ্ছন্নকর্মীদের হাতে সিটি কর্মকর্তা নাজেহাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের হাতে মঙ্গলবার ভোররাতে নাজেহাল হয়েছেন কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের হাতে মঙ্গলবার ভোররাতে নাজেহাল হয়েছেন কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। নগরীর বন্দর থানার আনন্দবাজার ডাম্পিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছে। প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ কাতেবীর অশোভন আচরণের প্রতিবাদে আড়াই শতাধিক কর্মী তাকে কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখে। পরিচ্ছন্ন কর্মীরা ওই সময় কর্মকর্তাদের বহনকারী একটি জিপ ও মোটর সাইকেলও ভাংচুর করে। প্রায় দুই ঘণ্টা আটক থাকার পর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ট্রাক থেকে আবর্জনা নিষ্কাষণে দেরি হওয়ায় রাত ৩টার দিকে নগরীর আনন্দবাজার চান্দপাড়া এলাকায় চসিক'র পরিচ্ছন্ন বিভাগের আড়াইশ কর্মীরা বিক্ষোভ শুরু করে। তারা নির্ধারিত আট ঘণ্টার বেশ সময় কাজ করতে অস্বীকৃতি জানায়। ওই সময় সাইফুদ্দিন আহমেদ কাতেবীসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করলে তারা ক্ষিপ্ত হয়ে কাতেবীকে নাজেহাল করে। কর্মীরা আবর্জনাবাহী ট্রাকগুলো ওই এলাকায় এলোমেলোভাবে ছড়িয়ে রেখে কাজ বন্ধ করে দেয় এবং কর্মকর্তাদের জিপ ও মোটর সাইকেল ভাংচুর করে বলে ওই কর্মকর্তা জানান। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচ্ছন্ন কর্মকর্তার অশোভন আচরণে ক্ষিপ্ত হয়ে কর্মীরা এলোমেলোভাবে ময়লাবাহী ট্রাক রেখে বিক্ষোভ প্রদর্শন করে এবং দুটি গাড়ি ভাঙচুর করে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়।" ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম সকালে ঘটনাস্থলে গিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করার পর তারা পুনরায় কাজে যোগ দেয় বলে ওসি জানান। এ বিষয়ে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ কাতেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাম্পিং স্টেশনে ময়লা নিষ্কাষণে দেরি হওয়ায় পরিচ্ছন্ন কর্মীরা বিক্ষোভ করে।" তবে নিজে নাজেহাল হওয়ার বিষয়টি এড়িয়ে যান সাইফুদ্দীন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/২০৫১ ঘ.