২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলম্বো রুটে সরাসরি ফ্লাইট চালু আগামী সপ্তাহে

ঢাকা-কলম্বো রুটে আগামী ২৮ জুলাই থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার। প্রতিষ্ঠানের বিপণন ও বিক্রয় শাখার ব্যবস্থাপক সোহেল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৮ জুলাই থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলম্বো রুটে আগামী ২৮ জুলাই থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা বেস্ট এয়ার। প্রতিষ্ঠানের বিপণন ও বিক্রয় শাখার ব্যবস্থাপক সোহেল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ২৮ জুলাই থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবেন তারা। এ রুটে সরাসরি বিমান চলাচল শুরুর একদিন আগে শ্রীলঙ্কায় শুরু হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থার (সার্ক) ১৫তম শীর্ষ সম্মেলন। সোহেল মজিদ বলেন, "বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ও তৈরি পোশাক খাতে কয়েক হাজার শ্রীলঙ্কার নাগরিক কাজ করে। এছাড়া চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ (ইউএসটিসি) বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির কয়েকশ' শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট না থাকায় ব্যাংকক, সিঙ্গাপুর ঘুরে তাদের বাংলাদেশে আসতে হয়। মূলত এদের প্রতি লক্ষ রেখে ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেস্ট এয়ার।" এ ব্যাপারে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এম সায়েদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমানে ঢাকা-কলম্বো রুটে সরাসরি কোনো ফ্লাইট নেই। বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট চালানো শুরু করলেও কিছুদিন পর তা বন্ধ করে দেয়।" বেস্ট এয়ারের জনসংযোগ কর্মকর্তা টিটো সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাহের শুক্র ও সোমবার ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। এ ফ্লাইটে যাওয়া-আসার টিকেটের দাম আটশ ডলার ও ওয়ানওয়ে টিকেটের দাম ৪৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। পরে এ ফ্লাইট মালদ্বীপের রাজধানী মালে পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বেস্ট এয়ারের। গত জানুয়ারি থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে কার্যক্রম শুরু করা বেস্ট এয়ার ঢাকা-ব্যংকক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে মে থেকে। কুয়ালালামপুর, দুবাই ও বাহরাইনসহ ১১টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের জন্য সংস্থাটির অনুমতি রয়েছে। বিডিনিউজ টোঢেন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসএনডি/১৯৪৩ ঘ.